তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির মহাসমাবেশ ২৬ নভেম্বর
রামপাল প্রকল্পসহ ‘সুন্দরবনবিনাশী সব অপতৎপরতা বন্ধ’ এবং জাতীয় কমিটির সাত দফা বাস্তবায়নের দাবিতে ২৬ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক পদযাত্রায় সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পদযাত্রায় তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ২৪ থেকে ২৫ নভেম্বর বিভিন্ন স্থানে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রার মাধ্যমে কর্মসূচি সম্পর্কে মানুষ জানতে পারবে। ২৬ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ হবে। এ সময় তিনি রামপাল প্রকল্পকে ভয়ংকর ও ধ্বংসাত্মক প্রকল্প হিসেবে আখ্যায়িত করে বলেন, সরকার জাতীয় কমিটির যুক্তি মোকাবিলা করতে ব্যর্থ হয়ে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। বিজ্ঞাপনী সংস্থা ভাড়া করে অপপ্রচার চালাচ্ছে। রামপাল প্রকল্প বাস্তবায়ন করার মাধ্যমে ভারতের মুনাফা ও কৌশলগত স্বার্থ রক্ষা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আনু মুহাম্মদ এই প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব প্রকল্প বাতিল করার দাবি জানান।
পদযাত্রায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।