
দেশের জ্বালানি ও বিদ্যুৎ-সংকট মোকাবিলা করার জন্য নিজস্ব সম্পদের সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের পক্ষে ভবিষ্যতে আন্তদেশীয় সহযোগিতা ও আমদানি-ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল হতে হবে। দেশের বর্তমান জ্বালানি-সংকটের কারণ দেশীয় সম্পদের অভাব নয়, বরং এই সম্পদের পর্যাপ্ত ব্যবহারে ব্যর্থতা। দেশীয় জ্বালানির পর্যাপ্ত ও সুষ্ঠু উন্নয়ন বর্তমান ও অতি নিকট ভবিষ্যতের জ্বালানি-সংকটের সমাধান দিতে পারে, কিন্তু চাহিদার তুলনায় সম্পদের সীমিত বহর ভবিষ্যৎ জ্বালানি-নিরাপত্তা দিতে সক্ষম নয়। বহির্বিশ্বে অনেক অঞ্চলে আন্তদেশীয় জ্বালানি-বাণিজ্য সুপ্রতিষ্ঠিত এবং এর মাধ্যমে জ্বালানি সম্পদে অভাবী দেশগুলো জ্বালানিসমৃদ্ধ দেশ থেকে দীর্ঘমেয়াদি আমদানি চুক্তির মাধ্যমে তাদের জ্বালানি ও বিদ্যুৎ-নিরাপত্তা অর্জন করেছে। বাংলাদেশকে তার ভবিষ্যৎ জ্বালানি-নিরাপত্তা অর্জন করতে আন্তদেশীয় জ্বালানি ও বিদ্যুৎ বাণিজ্য-ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হতে হবে।
বাংলাদেশের নিজস্ব জ্বালানি বলতে প্রাকৃতিক গ্যাস-কয়লা বিদ্যমান। গত চার দশকে গ্যাসের ওপর এককভাবে নির্ভরশীল হওয়ার কারণে দেশের গ্যাস মজুত যথেষ্টভাবে সংকুচিত হয়েছে। বিশেষজ্ঞ পরামর্শকদের মতে, দেশে এখন থেকে ২০১৭ সাল পর্যন্ত গ্যাস উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পাবে, কিন্তু তার পর থেকে তা ক্রমাগত কমে যেতে থাকবে। এ কারণে আগামী ১০ বছরের মধ্যে গ্যাস নিঃশেষিত না হলেও গ্যাস বাংলাদেশের জ্বালানি বাজারে তার প্রাধান্য হারাবে এবং চাহিদার বিপরীতে ন্যূনতম হারে আরও কিছু বছর সরবরাহ হতে থাকবে। দেশে কিছু নতুন বড় আকারের গ্যাসক্ষেত্র আবিষ্কার না হলে বাংলাদেশে গ্যাস যুগের পরিসমাপ্তি ঘটবে। উল্লেখ্য, ভূতত্ত্ববিদদের মতে, দেশের ভূখণ্ডে প্রায় সব বড় ভূতাত্ত্বিক কাঠামো ইতিমধ্যেই পরীক্ষিত এবং বড় আকারের নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা নেহাতই কম। তবে ছোট আকারের কিছু নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হবে। গভীর সমুদ্র অঞ্চলে কী ধরনের গ্যাসের সম্ভাবনা রয়েছে, তা প্রকৃতপক্ষে এখনো অজানা।
এদিকে কয়লা উত্তোলনের সহজতর পথটি দেশের পরিবেশ-সামাজিক-রাজনৈতিক জটে আটকা পড়ে আছে। বড় আকারে কয়লা উত্তোলনের (উন্মুক্ত খনন) আবশ্যকতার সব যুক্তি বিদ্যমান থাকলেও বিপুলভাবে ঘনবসতিপূর্ণ স্বল্প আয়তনের বাংলাদেশে এ ব্যাপারে সামাজিক-রাজনৈতিক প্রভাবই প্রাধান্য বিস্তার করে রয়েছে এবং ভবিষ্যতেও করে থাকবে। সেহেতু বর্তমানে সীমিত আকারে উত্তোলিত (বড়পুকুরিয়া) কয়লার সঙ্গে আগামী দিনে সীমিত আকারে নতুন কয়লাক্ষেত্রের উন্নয়ন হবে বটে, কিন্তু বিরাট পরিসরে কয়লা উত্তোলনের (উন্মুক্ত খনন) সম্ভাবনা কম। পূর্ববর্তী ও বর্তমান সরকার এক দশক সময়েও উন্মুক্ত খননের পক্ষে কার্যক্রম বাস্তবায়ন করতে পারেনি এ কারণে যে, উভয় পক্ষের নেত্রীই প্রকাশ্য ঘোষণার মাধ্যমে উন্মুক্ত খননের কর্মযজ্ঞ না করার পক্ষে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং উভয়েই জনগণের সঙ্গে সাংঘর্ষিক অবস্থানে যেতে অনিচ্ছুক। কয়লানীতি প্রকাশ নিয়ে গত পাঁচ বছর সরকারি মহল যে আশ্বাস ব্যক্ত করে এসেছে, তা নেহাতই ভাঁওতাবাজির সমান। সরকার তার শেষ সময়ে এসে ঘোষণা দিল যে কয়লানীতি এ আমলে নয়, বরং পরবর্তী সরকারের আমলে প্রণীত হবে।
আন্তদেশীয় জ্বালানি-ব্যবস্থাপনার মাধ্যমে নিজেকে লাভজনক অবস্থানে নিয়ে যেতে বাংলাদেশ ইতিপূর্বে অপরিপক্বভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে, যখন ভারত ও মিয়ানমার ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন নির্মাণ পরিকল্পনায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত হওয়ার প্রস্তাব দেয়। মিয়ানমার থেকে ভারত গ্যাস আমদানি করার জন্য বাংলাদেশের মধ্য দিয়ে গ্যাস পাইপলাইন করার পরিকল্পনায় বাংলাদেশকে গ্যাস সঞ্চালন ফি দেওয়ার প্রস্তাব রাখে। ভারতের কাছে বাংলাদেশের মধ্য দিয়ে ছাড়া বিকল্প কোনো পথ (যেমন মিজোরাম-আসামের দীর্ঘ দুর্গম পথ) বাস্তবসম্মত ছিল না এবং মিয়ানমারের গ্যাসের জন্য ভারত ভীষণভাবে আগ্রহী ছিল। এ অবস্থায় বাংলাদেশ সহজেই এই প্রস্তাব দিতে পারত যে প্রস্তাবিত পাইপলাইন থেকে কিছু পরিমাণ গ্যাস বাংলাদেশের কাছে বিক্রি করতে রাজি হওয়ার শর্তে বাংলাদেশ এই ত্রিদেশীয় পাইপলাইন পরিকল্পনায় যুক্ত হতে পারে। সে ক্ষেত্রে বাংলাদেশ তার প্রাপ্য গ্যাস সঞ্চালন ফি দিয়েই কিনতে সক্ষম হতো এবং দীর্ঘমেয়াদি একটি গ্যাস সরবরাহ-ব্যবস্থা স্থাপন করতে পারত। বাংলাদেশ উপরিউক্ত বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়ে কেবল অদূরদর্শিতার পরিচয় দিয়েছে।

বিশ্বব্যাপী আন্তদেশীয় জ্বালানি বাণিজ্য-ব্যবস্থাপনার চলমান অনেক উদাহরণ বিদ্যমান। তার একটি হলো ইউরোপীয় দেশগুলো কর্তৃক দূরবর্তী সাইবেরিয়া থেকে পাইপলাইনে গ্যাস সরবরাহ-ব্যবস্থা। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে বিশাল গ্যাসের মজুত রয়েছে। অপর পক্ষে ইউরোপের অধিকাংশ দেশে গ্যাসের বিপুল চাহিদার বিপরীতে রয়েছে নিজস্ব গ্যাসের স্বল্পতা। সুদূর সাইবেরিয়া থেকে কয়েক হাজার দীর্ঘ আন্তদেশীয় গ্যাস পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে গ্রিস, পোল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রিয়া, সুইডেন, চেক রিপাবলিক, বুলগেরিয়া এবং আরও বেশ কিছু দেশে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয়।
ভারত কর্তৃক ভুটান ও নেপালের জলবিদ্যুৎ আমদানি আন্তদেশীয় বিদ্যুৎ সরবরাহ বাণিজ্যের সার্থক উদাহরণ। ভুটান ও নেপাল ছোট অনুন্নত দেশ, কিন্তু তাদের পাহাড়ি ভূপ্রকৃতির বিশেষ বিন্যাস জলবিদ্যুৎ উৎপাদনের মোক্ষম স্থান তৈরি করেছে। ভুটানের বর্তমান মোট বিদ্যুৎ উৎপাদনের মাত্রা এক হাজার ৫০০ মেগাওয়াট, অথচ দেশটির জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা প্রায় ৩০ হাজার মেগাওয়াট। ভারত ভুটানে কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে বৃহৎ জলবিদ্যুৎকেন্দ্র স্থাপন করে সেখান থেকে বিদ্যুৎ আমদানি করে থাকে। এ রকম একটি জলবিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত এক হাজার ২০ মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই ভারত আমদানি করে। ভুটান ২০২০ সাল নাগাদ ভারতে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করার পরিকল্পনা করেছে।
বর্তমান বিশ্বে জ্বালানি ও বিদ্যুৎ-ব্যবস্থাপনা আন্তদেশীয় বাণিজ্যনির্ভর হয়ে ওঠার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর মাধ্যমে বিশ্বের জ্বালানি সম্পদের প্রাকৃতিক অসম বণ্টনকে কিছুটা হলেও পুনর্বণ্টনের প্রয়াস চলেছে। দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি চাহিদার তুলনায় নিজস্ব জ্বালানি সম্পদের অপ্রতুলতা তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে রয়েছে। অথচ এ অঞ্চলের নিকটবর্তী ইরান কিংবা কিছুটা দূরবর্তী তুর্কমেনিস্তান—দুটি দেশই বিশাল গ্যাসসম্পদের মালিক। ইরান ও তুর্কমেনিস্তানের গ্যাস মজুত যথাক্রমে প্রায় এক হাজার ১০০ টিসিএফ ও ৬০০ টিসিএফ, যা কিনা বিশ্বের গ্যাস মজুতের তালিকায় অন্যতম প্রধান। এ দুটি দেশের গ্যাসের মজুতকে কেন্দ্র করে দুটি বৃহৎ পাইপলাইন গ্যাস সরবরাহ প্রকল্প তাপি (TAPI) ও ইপিই (IPI) পরিকল্পনা করা হয়, যা কিনা বর্তমানে নির্মাণাধীন রয়েছে। পর্যবেক্ষক মহলের ধারণা, এর যেকোনো একটি বাস্তবায়িত হলে এ প্রকল্পে জড়িত ভারত ও পাকিস্তান সুদূর ভবিষ্যৎ পর্যন্ত জ্বালানি-সংকট থেকে মুক্ত থাকতে পারবে। বাংলাদেশ এ প্রকল্পে জড়িত হতে পারলে একইভাবে ভবিষ্যৎ জ্বালানি নিশ্চয়তা অর্জনে সক্ষম হতে পারে।
তাপি (তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ইন্ডিয়া) প্রকল্পটি ১৯৯৫ সালে জন্ম নিলেও রাজনৈতিক ও সামরিক অস্থিরতার কারণে বিলম্বে ২০১০ সালে অংশগ্রহণকারী দেশগুলো কর্তৃক স্বাক্ষরিত হয়। প্রকল্প অনুযায়ী, প্রায় এক হাজার ৭৫০ কিলোমিটার দীর্ঘ গ্যাস পাইপলাইনের মাধ্যমে তুর্কমেনিস্তান থেকে আফগানিস্তানে (প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস), পাকিস্তানে (প্রতিদিন এক হাজার ৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস) এবং ভারতে (প্রতিদিন এক হাজার ৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস) গ্যাস সরবরাহ করা হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় ৭ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়সাপেক্ষ এই প্রকল্পের নির্মাণকাজ ২০১৪ সালে শুরু হয়ে ২০১৬ সালে শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে প্রকল্প উদ্যোক্তাদের তরফ থেকে বাংলাদেশকে এ প্রকল্পে যোগ দেওয়ার প্রস্তাব করা হয় এবং এডিবি সে প্রস্তাবকে স্বাগত জানায়। বাংলাদেশ সরকারের উচিত তাপি প্রকল্পে অন্তর্ভুক্ত হতে যথাযথ ব্যবস্থাপনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া। তাপি প্রকল্প বাস্তবায়নের পথে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা একটি বাধা বটে, কিন্তু মার্কিন আশীর্বাদপুষ্ট এ প্রকল্পের পেছনে বিশ্বের বৃহৎ শিল্পগোষ্ঠীর সুনজর একটি আশাব্যঞ্জক দিক বটে।
ইপিই (ইরান-পাকিস্তান-ইন্ডিয়া) প্রকল্পটির মাধ্যমে ইরানের বিপুল পরিমাণ গ্যাস মজুত থেকে দুই হাজার ৭৭০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে পাকিস্তান ও ভারতে (দিল্লি পর্যন্ত) দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে গ্যাস সরবরাহের পরিকল্পনা হাতে নেওয়া হয়। এ প্রকল্পের অধীনে পাইপলাইন নির্মাণের কাজ আংশিক সম্পন্ন হয় এবং ২০১৪ সালে পাকিস্তানে গ্যাস সরবরাহ শুরুর আশা করা হয়। ২০১০ সালে ইরান বাংলাদেশকে এই প্রকল্পে যোগ দেওয়ার আহ্বান জানায়, যে ক্ষেত্রে দিল্লি থেকে গ্যাস পাইপলাইনটি বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত করে এখানে সুদীর্ঘ সময়ের জন্য গ্যাস সরবরাহের ব্যবস্থা করা সম্ভব হতে পারে। এ প্রকল্পের প্রতি ইরানবিদ্বেষী যুক্তরাষ্ট্রের কুনজর একপ্রকার বাধা বটে।
ভারত থেকে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরুর মাধ্যমে বাংলাদেশ আন্তদেশীয় বিদ্যুৎ-ব্যবস্থাপনার যুগে প্রবেশ করেছে। আগামী দিনে এখানে বিদ্যুৎ সরবরাহ-ব্যবস্থায় আরও ২৫০ মেগাওয়াট যোগ হওয়ার পরিকল্পনা রয়েছে। কেবল তা-ই নয়, বরং পূর্ব দিকে ত্রিপুরা থেকে নতুন বিদ্যুৎ সরবরাহ করার ভালো সম্ভাবনা রয়েছে। সম্প্রতি ভুটানের রাজা বাংলাদেশ সফরকালে ভুটান থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। এটি বাংলাদেশের জন্য বিরাট সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিতে পারে। এ লক্ষ্যে বাংলাদেশ-ভুটান-ভারত ত্রিদেশীয় সমঝোতা ও সহযোগিতা অত্যাবশ্যক। বাংলাদেশকে বুঝতে হবে, তার ভবিষ্যৎ জ্বালানি ও বিদ্যুৎ-নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ সম্পদ অনুসন্ধান যেমন প্রয়োজন, আন্তদেশীয় ব্যবস্থাপনা গড়ে তোলা সমানভাবে বা সম্ভবত অধিকতর গুরুত্বপূর্ণ। ইরান থেকে ইপিই প্রকল্পের মাধ্যমে বা তুর্কমেনিস্তান থেকে তাপি প্রকল্পের মাধ্যমে দীর্ঘমেয়াদি গ্যাস আমদানির সম্ভাবনা কিংবা ভুটান ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানির যে সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে বাংলাদেশকে এখনই কূটনৈতিকভাবে যথেষ্ট তৎপর হতে হবে।
বদরূল ইমাম: অধ্যাপক, ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়