তেল-গ্যাসের সব ব্লক উন্মুক্ত হবে বিদেশিদের জন্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সমুদ্রবক্ষ ও স্থলভাগে তেল-গ্যাসের সবগুলো ব্লকে অনুসন্ধানের কাজ বিদেশি কোম্পানির জন্য উন্মুক্ত করার প্রস্তাব এবং তা নিয়ে মতভিন্নতা দেখা দিয়েছে৷
মন্ত্রণালয় সূত্র দাবি করেছে, প্রকৃতপক্ষে কী পরিমাণ গ্যাস-সম্পদ দেশে আছে তা দ্রুত জানার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ তবে এ বিষয়ে সরকারের মধ্যে মতভেদ আছে। সেই সূত্র ধরেই গতকাল বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ-সংক্রান্ত আলোচনা উত্তপ্ত বিতণ্ডায় পরিণত হয়।
জানতে চাইলে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে গ্যাসের উত্তোলন ও ব্যবহার সম্পর্কে সুষ্ঠু পরিকল্পনা করার জন্য সম্পদের পরিমাণ জানা দরকার। এই জানার কাজটি দ্রুত করতে হলে বিদেশি কোম্পানিকে কাজে লাগাতে হবে। না হলে ১০ বছরেও তা জানা সম্ভব নাও হতে পারে৷
প্রতিমন্ত্রী দাবি করেন, উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) করার জন্য ব্লকগুলো উন্মুক্ত করা হচ্ছে না। শুধু দ্বিমাত্রিক ও ক্ষেত্রবিশেষে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে সম্পদের পরিমাণ সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সংগৃহীত তথ্য-উপাত্ত সরকার ও সংশ্লিষ্ট বিদেশি কোম্পানি উভয়েই ব্যবহার করতে পারবে—এই শর্তে তাঁদের কাজ করতে দেওয়া হবে।
তবে এই ধারণার সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করেন পেট্রোবাংলার চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. হোসেন মনসুর। তিনি প্রথম আলোকে বলেন, সমুদ্রবক্ষের ব্লকগুলো সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য-উপাত্ত নেই। দেশের কোম্পানি বাপেক্সের পক্ষে এখনই সেখান থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা সম্ভবও নয়। তাই সেই ব্লকগুলো বিদেশি কোম্পানির জন্য উন্মুক্ত করা যায়। স্থলভাগের মধ্যে অপেক্ষাকৃত কঠিন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের ব্লকগুলোও উন্মুক্ত করা যেতে পারে। কিন্তু কোনোভাবেই সমতলের ব্লকগুলো বিদেশিদের দেওয়া যাবে না৷
পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে স্থলভাগের সম্ভাবনাময় অনেকগুলো ব্লকের সংগৃহীত তথ্য-উপাত্ত সরকারের কাছে আছে। অন্য ব্লকগুলোতে বাপেক্স অব্যাহতভাবে জরিপ চালাচ্ছে। বাপেক্সের এখন ছয়টি রিগ (খননযন্ত্র) আছে। কিছু জনবল বাড়ানো হলেই স্থলভাগের সব কাজ তাঁরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন।
সভায় বিতণ্ডার কারণ এই মতভেদ। উপস্থিত কয়েকজন জানান, সভায় পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) মুহাম্মাদ ইমাদুদ্দীন সব ব্লক বিদেশি কোম্পানির জন্য উন্মুক্ত করার প্রস্তাব উত্থাপন করতে শুরু করেন। কিন্তু তা পেট্রোবাংলার পরিকল্পনায় না থাকায় এবং সংস্থার চেয়ারম্যান বিষয়টি সভায় উত্থাপনের বিষয়ে না জানায় তিনি পরিচালককে থামিয়ে দেন। এতে প্রতিমন্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন৷ পরিচালককে থামিয়ে দেওয়ার অধিকার তাঁর নেই, উল্লেখ করে চেয়ারম্যানকে তিনি স্মরণ করিয়ে দেন, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজনীতিকদের যাঁরা সরকার পরিচালনা করেন৷ পেট্রোবাংলার চেয়ারম্যান কিংবা অন্য কর্মকর্তারা শুধু সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। এই বিতণ্ডার বিষয়ে প্রতিমন্ত্রী অবশ্য প্রথম আলোকে কিছু বলেননি৷
তবে সভার সূত্রগুলো জানায়, পেট্রোবাংলার চেয়ারম্যান কিছু বলার চেষ্টা করলে সেই বিতণ্ডা এমন পর্যায়ে পেঁৗছায় যে চেয়ারম্যান আর পেট্রোবাংলায় ফিরবেন না বলে সেখানে ঘোষণা করেন। সভা থেকে বের হয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাঁর বসার কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেন। তবে গতকাল সে সাক্ষাৎ হয়নি৷ প্রধানমন্ত্রী সময় দিলে আজ বৃহস্পতিবার তিনি সাক্ষাৎ করতে পারেন বলে জানা গেছে৷
এর আগেও সরকারের আগের মেয়াদে মন্ত্রণালয়ে আয়োজিত একটি সভায় একজন অধস্তন কর্মকর্তা পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। ওই কর্মকর্তাকে তখন পেট্রোবাংলার চেয়ারম্যান করার জন্য কয়েকজন প্রভাবশালী ব্যক্তির তৎপরতার কথা শোনা গিয়েছিল। এবারও সে রকম কিছু হচ্ছে কি না তা নিয়ে আলোচনা শুরু হয়েছে৷
গত ৮ মে তেল-গ্যঅস খাতে কর্মরত বিদেশি বিনিয়োগকারী কোম্পািনগুলোর একপট প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷ তাঁরা সবগুলো তেল-গ্যাস ক্ষেত্র তাদের জন্য উন্মুক্ত না থাকায় উদ্বেগ প্রকাশ করেন৷ এরপরই এই প্রস্তাব আলোচনায় আসলো৷
উল্লেখ্য, স্থলভাগের কোনো ব্লক বিদেশি কোম্পানির জন্য উন্মুক্ত করার ক্ষেত্রে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই নিষেধাজ্ঞা দেন।