তেল-চিনির দাম বেড়েছে, কমেছে ফসলের দাম
১৮-দলীয় জোটের টানা অবরোধের কারণে রংপুরের তারাগঞ্জ উপজেলায় প্রতি লিটার তেলের দাম ২০ টাকা করে বেড়েছে। চিনির দাম বেড়েছে ১৪ টাকা করে। কিন্তু কৃষকের উৎপাদিত ধান, আলু, বেগুন, ফুলকপি, মুলাসহ কোনো সবজির দাম বাড়েনি; বরং কমেছে আরও বেশি হারে।
গতকাল সোমবার উপজেলার কয়েকটি হাটবাজার ঘুরে দেখা গেছে, ৪২ টাকা কেজির চিনি ৫৬ টাকা, ১২০ টাকা লিটারের সয়াবিন তেল ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে তারাগঞ্জ পাইকারি সবজির বাজারে ২০ টাকা কেজির নতুন আলু আট টাকা, ১০ টাকার মুলা ৭৫ পয়সা, ২৮ টাকার ফুলকপি সাত টাকা, ২৫ টাকা কেজির বেগুন পাঁচ টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন আগে প্রতি মণ ধান ৫৬০ টাকা বিক্রি হলেও গতকাল তা ৪৯০ টাকায় বিক্রি হয়েছে।
উপজেলার ইকরচালী বাজারের মুদি দোকানি মকবুল হোসেন বলেন, রংপুর ও সৈয়দপুরের বড় মহাজনদের কাছে তেল-চিনি পাওয়া যাচ্ছে না। মহাজনেরা বলছেন, টানা অবরোধের কারণে তাঁরা তেল-চিনি আনতে পারছেন না। তাঁদের কাছে যে তেল-চিনি মজুত আছে, তা প্রতি কেজিতে চার-পাঁচ টাকা করে বেশি দামে বিক্রি করছেন। ওই পণ্য আনতে দ্বিগুণ পরিবহন ভাড়া লাগছে।
কুর্শা আদর্শ উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী আনিছুল ইসলাম বলেন, অবরোধের অজুহাত দেখিয়ে খুচরা ব্যবসায়ীরা যে যেভাবে পারছেন, তেল-চিনির দাম বাড়িয়ে দিচ্ছেন।