চাঁপাইনবাবগঞ্জে ট্রেন থেকে তেল চুরিতে সহযোগিতা করার অভিযোগে গত মঙ্গলবার রাতে এক চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় চুরি করা ২০০ লিটার তেল জব্দ করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পাবনার ঈশ্বরদী উপজেলার মশুরিয়া গ্রামের শাহনুল আলম (৬৫) ও পাকশী গ্রামের আবদুর রাকিব (৪৫)। র্যাব-৫-এর সহকারী পরিচালক স্কোয়াড্রন লিডার মো. কামরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে যাত্রীবেশে র্যাবের একটি দল খুলনা থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জগামী মেইল ট্রেন মহানন্দা এক্সপ্রেসে ওঠে। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে জংশন থেকে ৮০০ গজ দূরে সুখানদীঘি এলাকায় ট্রেন থেকে তেলের চারটি ব্যারেল ফেলতে দেখে তারা। এ সময় আমনুরা জংশনে ওত পেতে থাকা চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সার ও র্যাবের আরেকটি দল সুখানদীঘি থেকে ওই চার ব্যারেল তেল জব্দ করে। চারটি ব্যারেলে মোট ২০০ লিটার তেল ছিল। পরে আমনুরা জংশনে ট্রেনের তেল পরিমাপ ও তেল বরাদ্দের কাগজপত্র যাচাই করে চুরির বিষয়টি নিশ্চিত হলে চালক শাহনুল আলম ও তাঁর সহকারী আবদুর রাকিবকে গ্রেপ্তার করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সার বলেন, জিজ্ঞাসাবাদে ওই দুজন চুরির কথা স্বীকার করেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করার পর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।