
চট্টগ্রামের বোয়ালখালীতে রেলসেতু ভেঙে খালে পড়ে যাওয়া ট্রেনের ওয়াগনের তেল কর্ণফুলী নদী হয়ে হালদা নদীতে ছড়িয়ে পড়েছে। এই নদী দেশে মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। গত শনিবার বিকেল থেকে হালদায় তেল ভাসতে দেখেছেন বলে মাঝি ও নদী থেকে মাছের ডিম সংগ্রহকারীরা বলছেন।
এদিকে খাল থেকে কর্ণফুলী নদীতে তেল ছড়িয়ে পড়া ঠেকাতে গত রোববার বিকেলে বসানো ‘বুম’ (ভাসমান প্রতিবন্ধক) ভাটার সময় কাজ করছে না বলে অভিযোগ উঠেছে। গত রোববার বিকেলে খাল ও কর্ণফুলী নদীর সংযোগস্থলের কাছে মিলিটারিপুল এলাকায় এই ‘বুম’ বসানো হয়।
কিন্তু গতকাল সোমবার ভাটার সময় সেখানে গিয়ে দেখা যায়, খালের পানির স্তরের দুই থেকে তিন ফুট ওপরে রয়েছে বুমটি। এতে বুমের মাধ্যমে নদীতে তেল ছড়িয়ে পড়া ঠেকানোর এই পদ্ধতি কোনো কাজে দিচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নুরুল হক বলেন, তেলমিশ্রিত কচুরিপানা খাল থেকে নদীতে যাওয়ার সময় বুমে আটকা পড়ে। সেগুলো তোলার কারণে বুমটি পানি থেকে ওপরে ছিল। পরে আবার বুমটি নামানোর ব্যবস্থা করা হয়।
তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন থেকে প্রায় ৭০ হাজার লিটার ফার্নেস অয়েল খালে পড়ে যায়। এই তেল জোয়ার-ভাটার মাধ্যমে খাল থেকে নদীতে ছড়িয়ে পড়েছে।
হালদা নদী নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনজুরুল কিবরিয়া। তিনি বলেন, হালদা নদীর নাপিতের ঘাট এলাকায় গত শনি ও রোববার ফার্নেস তেল ভাসতে দেখা যায়। মাছের প্রজননের জন্য এটি মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তিনি বলেন, এমনিতে নানা কারণে হালদা হুমকিতে রয়েছে। তার ওপর এই দূষণ মা মাছের ক্ষতি করবে।
অধ্যাপক মনজুরুল কিবরিয়া আরও বলেন, তেল দূষণ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা দেশে নেই। তবে দুর্ঘটনার পরপরই শুক্রবার বিকেলে যদি বুম বসানোসহ স্থানীয়ভাবে তেল সংগ্রহের চেষ্টা চলত, তাহলে দূষণ অনেক কম হতো। রোববার থেকে তেল সংগ্রহের ব্যবস্থা নেওয়া হলেও তা অনেক দেরিতে হয়েছে।
কর্ণফুলী ও হালদার সংযোগস্থল থেকে আট কিলোমিটার দূরে হাটহাজারী উপজেলায় নাপিতের ঘাট এলাকা। গতকাল সরেজমিনে হালদা নদীর বিভিন্ন অংশে গিয়ে দেখা যায়, নদীতে ভেসে থাকা কচুরিপানা এবং দুই তীরের পাশের ঘাস ও গাছে তেল লেগে আছে। তবে পানিতে তেল ভাসতে দেখা যায়নি। হালদা নদীর মদুনাঘাট এলাকায় কথা হয় মাঝি মনসুরের সঙ্গে। তিনি জানান, শনিবার বিকেলে প্রথম জোয়ারের সঙ্গে তেল ভেসে আসে। এরপর রোববার সকালেও তেল ভাসতে দেখা যায়।
দুর্ঘটনাস্থল বোয়ালখালীর হারগেজি খালের (বোয়ালখালী খাল) রেলসেতু থেকে কর্ণফুলী হয়ে হালদা নদীর দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। হালদার উজানে প্রায় ১০ কিলোমিটার ভেতরে রোববার বিকেলে তেল ভাসতে দেখেছেন বলে জানান ডিম সংগ্রহকারী আশু বড়ুয়া।
গত শুক্রবার দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার সীমান্তে শাইরাপুল এলাকায় হারগেজি খালের সেতু পার হওয়ার সময় সেটি ভেঙে খালে পড়ে যায় তেলবাহী ট্রেন। এই খালটি কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত। দুর্ঘটনায় দুটি ওয়াগন খালে পড়ে যায়। আরেকটি ওয়াগন অর্ধেক ডুবে যায়। প্রতিটি ওয়াগনে ২৫ হাজার লিটার তেল ছিল। চট্টগ্রামের পতেঙ্গা তেল ডিপো থেকে ফার্নেস অয়েল নিয়ে ট্রেনটি চন্দনাইশ উপজেলার দোহাজারী যাচ্ছিল। দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য আটটি ওয়াগনে করে এই তেল নিয়ে যাওয়া হচ্ছিল।
বোয়ালখালীর ইউএনও জানান, গতকাল ১০২ লিটার তেল খাল ও নদী থেকে স্থানীয় লোকজন নিজস্ব পদ্ধতিতে সংগ্রহ করেছেন। এসব তেল লিটারপ্রতি ৬০ টাকা দরে কিনে নেওয়া হয়। তেল সংগ্রহের জন্য প্রশাসনের উদ্যোগে একটি ক্যাম্প বসানো হয়েছে মিলিটারিপুল এলাকায়। এর আগে গত রোববার জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনকে তেল সংগ্রহ করতে উদ্বুদ্ধ করেন।
তেল ছড়িয়ে পড়ার পর দ্রুত কেন তা অপসারণের ব্যবস্থা নেওয়া হয়নি, জানতে চাইলে রোববার রাতে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক বলেন, ‘দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে গেছি। তখন আমরা দুর্ঘটনা নিয়ে ব্যস্ত ছিলাম। আর এটি (ফার্নেস তেল) আমার প্রথম অভিজ্ঞতা। তেল ছড়িয়ে পড়বে বুঝিনি।’
এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, রেললাইন মেরামতের পর ক্রেন দিয়ে ওয়াগন ও ইঞ্জিন তোলা হবে।