তেল পরিমাপে হেরফের বিপিসির ঘাটতি বাড়ছে
জ্বালানি তেল পরিবহনে ট্যাংকলরিগুলোর ক্যালিব্রেশন (ট্যাংকলরির ভেতরের ব্যাসের পরিমাপ) সঠিকভাবে না করার অভিযোগ উঠেছে। এই পরিমাপের পার্থক্য দেখা দেওয়ায় বিএসটিআই ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বাঘাবাড়ী ডিপো কর্তৃপক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। বিএসটিআই কর্তৃপক্ষ বলেছে, আন্তর্জাতিক মাপের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যালিব্রেশন করা হচ্ছে। অপরদিকে ডিপো কর্তৃপক্ষ দাবি করেছে, বিএসটিআই ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে ক্যালিব্রেশন করায় লরিপ্রতি ১৫ থেকে ২৫ লিটার পর্যন্ত জ্বালানি তেল বেশি সরবরাহ করতে হচ্ছে। এ কারণে বিপিসির লাখ লাখ টাকা গচ্চা যাচ্ছে। বিপিসির নিয়ন্ত্রণাধীন বাঘাবাড়ীর ডিপো এবং বিএসটিআই সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের লরিগুলো নিয়মানুযায়ী বিএসটিআই ক্যালিব্রেশন করে থাকে। অভিযোগ উঠেছে, ডিপো কর্মকর্তা, মালিক ও শ্রমিকদের উপস্থিতিতে যৌথভাবে এই ক্যালিব্রেশন করার কথা থাকলেও বিএসটিআই সে নিয়ম মানছে না। বিএসটিআই ইচ্ছেমতো ক্যালিব্রেশন করছে। এতে বিএসটিআইয়ের করা লরির পরিমাপের সঙ্গে ডিপোর মাপের ১৫ থেকে ২৫ লিটার পার্থক্য হচ্ছে। ফলে ডিপো কর্তৃপক্ষকে লরিপ্রতি মাপে ১৫ থেকে ২৫ লিটার তেল বেশি সরবরাহ করতে হচ্ছে। এ কারণে বিপিসির ঘাটতি বাড়ছে। সূত্রটি আরও জানায়, মাপের হেরফের দেখা দিলে ডিপোতে রক্ষিত প্রুভার (পরিমাপ করা ট্যাংকি) দিয়ে ট্যাংকলরিটি যাচাই করা হয়। কিন্তু এ যাচাইয়েও বৈষম্য থাকছে। বাঘাবাড়ী ডিপোর কর্মকর্তারা জানান, বিএসটিআই কর্তৃপক্ষ যেসব যন্ত্র দিয়ে ক্যালিব্রেশন করছে সেগুলো ত্রুটিপূর্ণ। যৌথভাবে ক্যালিব্রেশন করার কথা থাকলেও তারা তা করছে না। প্রতিবছর একবার করে ক্যালিব্রেশন করার নিয়ম থাকলেও অনেক ক্যালিব্রেশনবিহীন লরি তেল সরবরাহ নিতে আসে। এসব লরিতে তেল সরবরাহ না দিলে তাদের সঙ্গে কোম্পানির প্রতিনিধিদের প্রতিনিয়ত বিবাদ বাধছে। ক্যালিব্রেশন অনুযায়ী প্রতিটি লরিতে ট্যাংকির ভেতরের তলদেশসহ পাশের দৈর্ঘ্য-প্রস্থের পরিমাপ করার কথা। কিন্তু লরিচালকেরা তেল নেওয়ার সময় শুধু ওপর থেকে তলদেশ পর্যন্ত পরিমাপের স্কেল ব্যবহার করে তেল নিতে রাজি থাকে। এই মাপে তেল নিলে নয় হাজার লিটারের একটি লরিতে ২০ থেকে ২৫ লিটার তেল বেশি যাচ্ছে। এতে চালকদের ব্যক্তিগত লাভ হলেও বিপিসি ক্রমান্বয়ে ঘাটতির মুখে পড়ছে। যে কারণে সঠিকভাবে মাপ যাচাই করার জন্য ডিপো কর্তৃপক্ষ, মালিক, শ্রমিক ও বিএসটিআইয়ের সমন্বয়ে জরুরিভাবে ক্যালিব্রেশন করা প্রয়োজন।বিএসটিআই রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল হান্নান ক্যালিব্রেশন নিয়ে ডিপোর সঙ্গে বিএসটিআইয়ের কিছুটা দ্বন্দ্বের বিষয়টি স্বীকার করে বলেন, বিএসটিআইয়ের ক্যালিব্রেশনে অনিয়মের কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক মাপের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যালিব্রেশন করা হয়ে থাকে। ডিপো কর্তৃপক্ষ ট্যাংকলরিগুলোর বর্তমানের ক্যালিব্রেশন মেনে নিচ্ছে না। এতে তাদের নিজস্ব কোনো স্বার্থ থাকতে পারে। ট্যাংকলরি ও প্রুভারের পরিমাপের বিষয়ে তিনি বলেন, প্রুভারটি নির্দিষ্ট স্থানে বসানো থাকে। এ কারণে পরিমাপের পার্থক্য হতে পারে। যদি ডিপো কর্তৃপক্ষ আমাদের চিঠি দেয়, তাহলে ডিপোতে গিয়ে লরিগুলোর ক্যালিব্রেশন যৌথভাবে করা যেতে পারে।