চট্টগ্রাম থেকে ৬১৩ টন জ্বালানি তেল নিয়ে বরিশাল আসার পথে মেঘনা নদীতে ডুবে যাওয়া এমভি মেহের নামের জাহাজটি গতকাল শুক্রবার পর্যন্ত উদ্ধার করা যায়নি। ফলে জাহাজটিতে থাকা পেট্রল ও ডিজেল নদীতে ছড়িয়ে পড়ছে। এতে দূষিত হতে শুরু করেছে পরিবেশ। এমভি ফজলুল হক নামের আরেকটি জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে গত বুধবার রাতে এমভি মেহের ডুবে যায়। ভোলা সদর উপজেলার ১ নম্বর রাজাপুর ইউনিয়নের নদীতে বিলীন হয়ে যাওয়া চর সীতারামে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটির ১৩ জন কর্মকর্তা-কর্মচারী উদ্ধার হলেও ইঞ্জিনচালক নিজাম এখনো নিখোঁজ। পুলিশ এমভি ফজলুল হক নামের জাহাজটি জব্দ ও দুজনকে আটক করেছে।স্থানীয় লোকজন জানান, ডুবে যাওয়া জাহাজ থেকে তেল বের হয়ে পানিতে মিশে যাচ্ছে। দ্রুত তেল নিঃসরণ বন্ধ করা না গেলে নদীর মাছ, জলজ প্রাণী ও পরিবেশের ব্যাপক ক্ষতি হতে পারে।যোগাযোগ করা হলে ব্রজমোহন কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক স্বপন কুমার দত্ত প্রথম আলোকে বলেন, ‘জাহাজটি দ্রুত উদ্ধার করা না গেলে শুধু জলজ প্রাণী নয়, মানুষেরও ব্যাপক ক্ষতি হবে। ওই তেল পানির সঙ্গে মিশে গেলে সেই পানি পরিশোধন করার কোনো ব্যবস্থা বাংলাদেশে আছে বলে আমার জানা নেই।’বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশালের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী লিংকন বায়েন বলেন, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ট্যাংকার উদ্ধার অথবা বিকল্প পদ্ধতিতে তেল উদ্ধারের ব্যবস্থা করা উচিত।যমুনা অয়েলের বরিশাল অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সাঈদ হাসান খান বলেন, প্রায় সাড়ে সাত লাখ লিটার পেট্রল ও ডিজেল নিয়ে জাহাজটি ডুবে গেছে। এরই মধ্যে প্রধান কার্যালয়সহ সব দপ্তরই জাহাজটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, এখনো সেভাবে তেল বের হয়নি। তবে সব তেল বের হয়ে গেলে পরিবেশ বিপর্যয়ের কারণ হবে।জানতে চাইলে বিআইডব্লিউটিএর বরিশাল বন্দর কর্মকর্তা আলমগীর কবির প্রথম আলোকে বলেন, তেলসহ ট্যাংকারের ওজন ৭০০ থেকে ৮০০ টন। যেখানে জাহাজটি ডুবেছে, সেখানের গভীরতা ১৩০ থেকে ১৪০ ফুট। উদ্ধারকারী জাহাজ রুস্তম যাত্রা করেছে। কাল (আজ শনিবার) দুপুর নাগাদ রুস্তম ঘটনাস্থলে পৌঁছাবে। তিনি বলেন, ‘আমাদের দুটি উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের ক্ষমতা ১২০ টন। তার পরও আমরা চেষ্টা করছি এবং সঙ্গে বেসরকারি কয়েকটি দলও কাজ করবে।’