তেলভর্তি ট্রাক উল্টে চালকের সহকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে একটি তেলভর্তি ট্রাক উল্টে জালাল শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জালাল শেখ ট্রাকচালকের সহকারী ছিলেন।
পুলিশ জানায়, জালালের বাড়ি খুলনা শহরের খালিশপুর জোড়া গেট এলাকায়। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি তেলভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন ট্রাকের নিচে চাপা পড়ে চালকের সহকারী জালাল শেখ ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম প্রথম আলোকে বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।