তেল শোধনাগার ইউনিট স্থাপনে পরামর্শ দেবে ইআইএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পে বাংলাদেশের পক্ষে ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল)। আজ মঙ্গলবার ভারতীয় প্রতিষ্ঠানটির সঙ্গে এ–সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। 

পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি কার্যালয়ে আজ বিপিসির পক্ষে পরিচালক (অপারেশন ও প্ল্যানিং) মোসলেহ উদ্দিন ও ইআইএলের পক্ষে নির্বাহী পরিচালক (মার্কেটিং) উপেন্দ্র মহেশ্বরী চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্থানীয় সাংসদ আবদুল লতিফ, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, বিপিসির চেয়ারম্যান মো. মাহমুদ রেজা খানসহ জ্বালানি–সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের জানান, বাংলাদেশে সর্বাধুনিক তেল শোধনাগার তৈরি হবে। এতে বছরে আরও ৩০ লাখ মেট্রিক টন তেল পরিশোধন করা সম্ভব হবে। দরপত্র আহ্বানের মাধ্যমে যোগ্য ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ইআইএলকে নির্বাচন করা হয়েছে। এই শোধনাগার নির্মাণের কাজ যারা পাবে, বিপিসির পক্ষে ইআইএল তাদের কাজ তদারকি করবে।
ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অনুষ্ঠানে বলেন, ইআইএল খুবই যোগ্য ও অভিজ্ঞ একটি প্রতিষ্ঠান। ভারতে অনেকগুলো শোধনাগারের কাজ করার অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির।
ইস্টার্ন রিফাইনারি সূত্র জানায়, বাংলাদেশে ১৯৬৮ সালে প্রথম শোধনাগার নির্মিত হয়। এর তেল শোধনের ক্ষমতা বার্ষিক ১৫ লাখ মেট্রিক টন। প্রথম শোধনাগার নির্মাণের ৪৮ বছর পর দ্বিতীয় শোধনাগার তৈরি হতে যাচ্ছে। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার কোটি টাকার বেশি। তবে কারা অর্থায়ন করবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। পরামর্শক প্রতিষ্ঠান ইআইএলের সঙ্গে চুক্তিমূল্য ধরা হয়েছে ১১০ কোটি ৬২ লাখ টাকা।
এদিকে আজ দুপুরে পতেঙ্গায় দেশের প্রথম তেল জাদুঘরের উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তেল বিপণন কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম এই জাদুঘর প্রতিষ্ঠা করেছে। এতে তেল সরবরাহ ও বিপণনে ব্যবহৃত বিভিন্ন পুরোনো যন্ত্রপাতি স্থান পেয়েছে।
মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আশরাফুজ্জামান জানান, নগরের আগ্রাবাদে মেঘনা পেট্রোলিয়ামের নতুন ভবন তৈরি হবে। তখন জাদুঘরটি ওই ভবনে স্থানান্তর করা হবে।