যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা সাম্রাজ্যবাদী দেশগুলো আফগানিস্তান ও ইরাকের মতো লিবিয়াকেও ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার পরিকল্পনায় সেখানে গৃহযুদ্ধের সূত্রপাত ঘটিয়েছে। উদ্দেশ্য, লিবিয়ার সমৃদ্ধ তেলক্ষেত্র দখলে নেওয়া। গত মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে এ কথা বলেছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার নেতারা।জাতীয় কমিটি জেলা শাখার আহ্বায়ক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক দুলাল সাহা, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, বাসদের নিখিল দাস, ন্যাপের আওলাদ হোসেন, তরিকুল ইসলাম সুজন প্রমুখ।বক্তারা সাম্রাজ্যবাদীদের চক্রান্তের তীব্র বিরোধিতা করে বলেন, লিবিয়ার অভ্যন্তরীণ সংকট সে দেশের জনগণই সমাধান করবে। মার্কিন সাম্রাজ্যবাদীরা সারা বিশ্বে তার অনুগতদের নিয়ে দখল, সম্পদ লুণ্ঠন ও আধিপত্য বিস্তারের যে নগ্ন আগ্রাসনে লিপ্ত হয়েছে, লিবিয়ার ঘটনা তারই বহিঃপ্রকাশ। সাম্রাজ্যবাদী এই আগ্রাসনের বিরুদ্ধে মুক্তিকামী, মানবতাবাদী ও সভ্য সব মানুষকে সোচ্চার হওয়ার জন্য সমাবেশ থেকে আহ্বান জানানো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।