নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জ্বালানি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় অপর একটি তেলবাহী জাহাজের দুটি ট্যাংকি ফেটে প্রায় দুই লাখ ২২ হাজার লিটার ডিজেল নদীতে ভেসে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। গত শনিবার রাতে গোদনাইল বার্মা স্ট্যান্ড এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নিয়ন্ত্রণাধীন মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জহুরা-২ নামের একটি জাহাজ ও সারেংসহ দুজনকে আটকের পর সমঝোতা হলে গতকাল রোববার বিকেলে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ। এদিকে জ্বালানি তেল নদীতে ভেসে যাওয়ায় পরিবেশ দূষণের আশঙ্কা করা হচ্ছে। গোদনাইল বার্মা স্ট্যান্ড এলাকায় অবস্থিত মেঘনা ডিপো সূত্র জানায়, মেঘনা পেট্রোলিয়াম ডিপো চট্টগ্রাম থেকে এম টি এভারগ্রীন জাহাজ ১৩ লাখ ২৫ হাজার ৬৭৯ লিটার জ্বালানি তেল নিয়ে ১৩ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপো ঘাটে এসে পৌঁছে। জাহাজটি ডিপোতে জ্বালানি তেল খালাস করার জন্য ডিপোর ঘাটের পাশে শীতলক্ষ্যা নদীর নিরাপদ স্থানে নোঙর করে। শনিবার রাত সাড়ে নয়টায় নারায়ণগঞ্জের দিক থেকে দ্রুতগতিতে আসা এম টি জহুরা-২ জাহাজটি নোঙর করা এমট্রি এভারগ্রীন জাহাজটিকে সজোরে ধাক্কা দেয়। এতে জাহাজের একটি সাইডে লম্বায় ফাটল ধরে যায়। এতে ওই জাহাজের ২ ও ৩ নম্বর ট্যাংকি ক্ষতিগ্রস্ত হয়। তা থেকে দ্রুত জ্বালানি তেল শীতলক্ষ্যা নদীতে পড়তে থাকে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এভারগ্রীন জাহাজের মাস্টার ঘটনাটি মেঘনা ডিপোসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করলে শনিবার রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে জাহাজের সারেং মিলন (৪০) ও সুকানী জাহিদ হোসেনকে (২৭) আটক করে থানায় নিয়ে আসে। এ সময় জাহাজের মাস্টার পালিয়ে যান। এদিকে শীতলক্ষ্যা নদীতে ভেসে যাওয়া তেল সংগ্রহ করতে রাতেই স্থানীয় লোকজন হুমড়ি খেয়ে পড়ে। বিভিন্ন উপকরণ নিয়ে নদী থেকে তেল সংগ্রহ করে। গতকাল সরেজমিনে ট্যাংকি ক্ষতিগ্রস্ত হওয়ার পর শীতলক্ষ্যা নদীর পানিতে তেল ভাসতে দেখা গেছে। এতে শীতলক্ষ্যা নদীর পানি দূষিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে রোববার রাত পর্যন্ত ভেসে যাওয়া জ্বালানি তেল অপসারণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমটি এভারগ্রীন জাহাজের মাস্টার মোবারক হোসেন জানান, শীতলক্ষ্যা নদীতে আরও ১৪-১৫টি জাহাজের সঙ্গে জ্বালানি তেলবাহী এভারগ্রীনও নোঙর করা অবস্থায় ছিল। কিন্তু এমভি জহুরা-২ জাহাজকে সতর্ক করার পরও দ্রুতগতিতে এসে জাহাজটিকে সজোরে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করে। এম টি এভারগ্রীনের কো-মাস্টার মো. মারুফুর রহমান জানান, জাহাজের আঘাতে ১০ মিনিটের মধ্যে তাঁর জাহাজের ২ নম্বর ট্যাংকির এক লাখ লিটার এবং ৩ নম্বর ট্যাংকির এক লাখ ২২ হাজার লিটার ডিজেল নদীতে ভেসে গেছে। জাহাজে মোট ১০টি ট্যাংকি রয়েছে, যার মধ্যে দুটি ট্যাংকি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে মেঘনা ডিপোর ম্যানেজার (অপারেশন) জনাথন বাড়ৈ জানান, জাহাজমালিক কর্তৃপক্ষ আমাদের কাছে তেল বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত ক্ষয়ক্ষতি তাদের ওপর বর্তাবে। এতে আমাদের কোনো সমস্যা নয়। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।