তেলবাহী ট্যাংকারকে ধাক্কা দেওয়া নৌযানসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের শ্যালা নদীতে ফার্নেস তেলবাহী ট্যাংকার ওটি সাউদার্ন স্টার-৭-কে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে এমটি টোটাল নামের ট্যাংকারটি আটক করা হয়েছে। ট্যাংকারটির মাস্টারসহ চারজন নৌশ্রমিককেও আটক করা হয়েছে।

দুর্ঘটনার ছয় দিন পর গতকাল সোমবার দুপুরে বন্দর থানার পুলিশের সহযোগিতায় বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকায় নদী থেকে মংলা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহী নৌযানটি আটক করেন। সন্ধ্যায় আটক চারজনকে নিয়ে মংলার উদ্দেশে রওনা হয়েছে পুলিশ।

৯ ডিসেম্বর ভোরে শ্যালা নদীতে এমটি টোটালের ধাক্কায় সাড়ে তিন লাখ লিটারের বেশি ফার্নেস তেলসহ ডুবে যায় ওটি সাউদার্ন স্টার-৭। ওই তেল ছড়িয়ে পড়ায় সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।

মংলা থানার এসআই মঞ্জুর বলেন, এমটি টোটালকে আটকের পর বন্দর উপজেলার সোনাকান্দায় নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে রাখা হয়েছে। নৌযানটি থেকে আটক এর মাস্টার মোস্তফা, সহকারী মাস্টার ফারুক এবং সুকানি আক্কাস মৃধা ও ইয়ার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ডুবে যাওয়া ট্যাংকারটির শ্রমিক এবং শ্যালা নদীতে থাকা জেলেদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার জন্য দায়ী এমটি টোটালকে শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার সময় এমটি টোটাল খালি ছিল।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এমটি টোটাল এবং এর চার শ্রমিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তেল অপসারণ ও নৌমন্ত্রীর পদত্যাগের দাবিতে মানববন্ধন

সুন্দরবনের শ্যালা নদী থেকে তেল অপসারণ ও নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবিতে গতকাল দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে প্রতিবেশ আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা। সংগঠনের নেতা দীপুর সাহার সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাহিদ সুজন এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মিনহাজুল হক, আওলাদ হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ৯ ডিসেম্বর শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় দ্রুত কোনো পদক্ষেপ না নেওয়ায় তেল প্রায় ২৫০ কিলোমিটার এলাকায় ছেয়ে গেছে। পরিবেশবিদেরা বারবার নৌমন্ত্রী ও বন বিভাগে জানানোর পরও কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁরা অবিলম্বে তেল অপসারণ এবং ব্যর্থতার দায়ে নৌমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।