লাকসাম-চাঁদপুর রেলপথের চিতোষী রোড স্টেশনের কাছে গতকাল রোববার একটি মালবাহী ট্রেনের তেলভর্তি পাঁচটি ট্যাংকলরি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে চারটি বগি ছিটকে লাইনের বাইরে পড়ে গেছে।রেলওয়ের ট্রাফিক পরিদর্শক মাসুদ সারওয়ার জানান, গতকাল বিকেল চারটা ৫০ মিনিটে লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের ফুলহরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই রেললাইনে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।লাকসাম রেলওয়ে জংশন সূত্র জানায়, চট্টগ্রাম ছেড়ে আসা চাঁদপুরগামী মালবাহী ট্রেন (চাঁদপুর ট্যাংক স্পেশাল) লাকসামে এসে পৌঁছায়। বিকেল সাড়ে চারটায় চাঁদপুরের উদ্দেশে ট্রেনটি লাকসাম জংশন ছেড়ে যায়। ট্রেনটি চিতোষী রোড স্টেশনে প্রবেশের আগে আউটার এবং হোম সিগন্যালের মধ্যবর্তী স্থানে হঠাৎ বিকট শব্দে পেছনের দিকের পাঁচটি লরি (তেলভর্তি ট্যাংকার) লাইনচ্যুত হয়।স্থানীয় লোকজন জানান, ট্যাংকারগুলো থেকে পুরো তেল মাটিতে পড়ে গেছে। এ সুযোগে আশপাশের এলাকার লোকজন হাঁড়ি-পাতিল, পলিথিনসহ বিভিন্ন পাত্রে ভরে সেসব তেল সংগ্রহ করে নিয়ে যাচ্ছে।লাকসাম রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (লোকো) মো. আবদুল আজিজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁরা এখনো রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তিনি জানান, উদ্ধারকাজ শেষ করতে দুই দিন লেগে যেতে পারে।