তেলভিত্তিক আরও একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি সই
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আরও একটি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি সই করেছে। এই কেন্দ্রটি স্থাপন করবে ওরিয়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড। নারায়ণগঞ্জের গোগনগরে এক বছরের মধ্যে ফার্নেস তেলচালিত ১০২ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রটি উৎপাদন শুরু করবে। গতকাল বুধবার বিকেলে বিদ্যুৎ ভবনে পিডিবি ও ওরিয়ন গ্রুপের মধ্যে চুক্তিটি সই হয়।ওরিয়নের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম এবং পিডিবির সচিব মো. আজিজুল ইসলাম নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ-সচিব মো. আবুল কালাম আজাদ, পিডিবির চেয়ারম্যান আবদুল ওয়াহাব খান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই কেন্দ্রটি স্থাপিত হচ্ছে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন (আইপিপি) নীতিমালার আওতায়। কেন্দ্রটিতে বিশ্বখ্যাত ওয়ার্টসিলা কোম্পানির তৈরি যন্ত্রপাতি ব্যবহার করা হবে।ওরিয়ন এর আগে মেঘনাঘাটে ১০০ মেগাওয়াটের একটি এবং সিদ্ধিরগঞ্জে ১০০ মেগাওয়াটের একটি ভাড়াভিত্তিক কেন্দ্র স্থাপন করেছে। এ ছাড়া মোট এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য পিডিবির সঙ্গে চুক্তি সই করেছে।