তেলাপোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় বাসায় থাকা তেলাপোকা মারার ওষুধ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির নাম ফারিয়া আক্তার (৩)। তাঁর বাবার নাম সেকান্দার আলী। খিলগাঁওয়ের গোড়ান এলাকায় আলী আহম্মদ স্কুলে পাশের একটি বাসার নিচতলায় থাকেন তাঁরা। সেকান্দার আলী পেশায় গাড়িচালক। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহ তারাকান্দা উপজেলার বালীহালায়। দুই বোন এক ভাইয়ের মধ্যে ফারিয়া সবার ছোট।

সেকান্দার আলী জানান, বাসায় থাকা তেলাপোকা মারার ওষুধকে আচার ভেবে খেয়ে ফেলে ছোট্ট ফারিয়া। এতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।