তেলাপোকা মারার বিষে প্রাণ গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে তেলাপোকা মারার বিষ খেয়ে আবারও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে রাজধানীর মিরপুরের শাহ আলীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় আরেক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত শিশুটির নাম মো. আবদুল্লাহ (৩)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া। একই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ইসাকে (৩)।

মৃত শিশু আবদুল্লাহর গ্রামের বাড়ি ভোলার লালমোহন থানার ওয়েস্টিনপাড়া। তার বাবা মো. শাহজাহান একজন গার্মেন্টস কর্মী। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় আমি কর্মস্থলে ছিলাম। তার মা জান্নাত ঘুমিয়ে ছিল। তখন দুই শিশু খেলাধুলা করতে করতে বাসায় রাখা তেলাপোকা মারার বিষ খেয়ে ফেলে।’

বাবা-মার একমাত্র সন্তান আবদুল্লাহ। মো. শাহজাহান আরও জানান, শিশু দুটি কান্নাকাটি শুরু করলে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানেই আবদুল্লাহর মৃত্যু হয়। ইসার চিকিৎসা চলছে।

পরিবার সূত্রে জানা গেছে, শিশু দুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল এবং সেখান থেকে বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন আবদুল্লাহকে কর্তব্যরত চিকিৎসক বিকেল পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

গত সোমবার তেলাপোকা মারার বিষ খেয়ে খিলগাঁওয়ের গোড়ান এলাকায় ফারিয়া আক্তার (৩) মারা যায়। ফারিয়ার বাবা সেকান্দার আলী জানিয়েছিলেন, আচার ভেবে বাসায় থাকা তেলাপোকা মারার বিষ খেয়ে ফেলে ছোট্ট ফারিয়া। এতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।