তেলিয়াপাড়া চা-বাগানে আজ মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণা
দীর্ঘ ৪০ বছর পর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ঐতিহাসিক তেলিয়াপাড়া চা-বাগানে আজ ৭ মে অনুষ্ঠিত হবে পূর্বাঞ্চলের মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণামূলক আলোচনা অনুষ্ঠান। এতে প্রায় পাঁচ হাজার মুক্তিযোদ্ধার সমাগম হবে।মুক্তিবাহিনীর প্রথম সদর দপ্তর ছিল এই তেলিয়াপাড়া চা-বাগানের ব্যবস্থাপকের বাংলো। স্মৃতিচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পূর্বাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। বিশেষ অতিথি থাকবেন চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম ও কয়েকজন সাংসদ।অনুষ্ঠানকে সার্থক করতে দুই সপ্তাহ ধরে চলছে ব্যাপক প্রস্তুতি।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় পাঁচ হাজার মুক্তিযোদ্ধার সমাগম হবে। তাঁরা বর্তমান প্রজন্মের সামনে তাঁদের স্মৃতিগুলো তুলে ধরবেন। নানা অভাব-অভিযোগ জানাবেন তাঁরা।জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান প্রথম আলোকে বলেন, দীর্ঘ ৪০ বছর পর সরকার এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ছাড়া তেলিয়াপাড়া চা-বাগানে একটি রেস্ট হাউস, জাদুঘর ও স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মুখযোদ্ধা সংরক্ষণ প্রকল্প নামের একটি প্রকল্প দিয়েছেন। এ প্রকল্পের জন্য তিনি দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।