তেলের অভাবে এক সপ্তাহ ধরে রাজবাড়ী সদর হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ রয়েছে। এতে করে সদর হাসপাতালে আসা বিভিন্ন অঞ্চলের রোগীদের বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, বকেয়া টাকা পরিশোধ না করায় ফিলিং স্টেশন ১ ফেব্রুয়ারি থেকে তেল সরবরাহ বন্ধ করে দেওয়ায় অ্যাম্বুলেন্স দুটি চালানো যাচ্ছে না।
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশীল কুমার রায় জানান, অনেক আগ থেকে রাজবাড়ী ফিলিং স্টেশন সদর হাসপাতালের অ্যাম্বুলেন্সের জ্বালানি সরবরাহ করত। গত বছরের শেষ দিকে রাজবাড়ীতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জ্বালানি তেলের জন্য মাত্র ৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। কিন্তু দীর্ঘদিনের বকেয়া টাকার জের টানতে টানতে সর্বশেষ প্রাপ্ত ৫ লাখ টাকা পরিশোধের পর আরও প্রায় ২৯ লাখ ৯৩ হাজার টাকা বকেয়া থাকে। বকেয়া পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটি ১ ফেব্রুয়ারি থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেয়। অথচ জ্বালানি তেলের বকেয়া টাকা পরিশোধের জন্য অর্থ বরাদ্দ চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ গত বছরের ১৫ অক্টোবর, ২২ নভেম্বর, চলতি বছরের ১৯ জানুয়ারি ও সর্বশেষ ২৬ জানুয়ারি আবেদন করে। এরপর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন মো. রহিম বক্স একাধিকবার টেলিফোনেও অবগত করেন। কিন্তু তারপরও ওই খাতে কোনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি।
গতকাল রোববার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগের সামনে অনেক রোগীর ভিড়। লম্বা লাইন দিয়ে রোগীরা টিকিট কাটতে কাউন্টারের সামনে ভিড় করছেন। দূরদূরান্ত থেকে আসা অনেকে জরুরি রোগীকে চিকিৎসক দেখানোর পর বিকল্প উপায়ে অন্যত্র নিয়ে যাচ্ছেন। এ সময় বাইরে স্থানীয় বেসরকারি অ্যাম্বুলেন্স অপেক্ষা করতে দেখা যায়।
হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা যায়, গতকাল বিকেল পর্যন্ত হাসপাতাল থেকে দুজন হার্টের রোগীকে জরুরি ভিত্তিতে ফরিদপুরে স্থানান্তর করা হয়। আগের দিন ১১ জন জরুরি রোগীকে ফরিদপুর ও ঢাকায় স্থানান্তর করা হয়। কিন্তু এসব রোগীকে অ্যাম্বুলেন্সের পরিবর্তে বিকল্প উপায়ে অন্যত্র যেতে হয়। এতে একদিকে যেমন রোগীদের বাড়তি টাকা অপচয় হচ্ছে। পাশাপাশি জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স না পেয়ে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভর করতে হচ্ছে এবং বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সিভিল সার্জন মো. রহিম বক্স প্রথম আলোকে বলেন, ‘জরুরি ভিত্তিতে অতিরিক্ত অর্থ বরাদ্দের চাহিদা চেয়ে আবেদন করেছি। এমনকি আমি আজও (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে মুঠোফোনে কথা বলেছি।’