তেলের অভাবে দুই মাস বন্ধ একমাত্র অ্যাম্বুলেন্সটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া পড়ায় জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। ফলে প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স না পেয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটির জন্য গোয়ালন্দ মোড়ে অবস্থিত মেসার্স করিম ফিলিং স্টেশন থেকে বাকিতে জ্বালানি নেওয়া হয়। পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অর্থ বরাদ্দ এলে সেই বকেয়া পরিশোধ করা হয়। অধিদপ্তর অ্যাম্বুলেন্সটির জন্য বছরে তিনবার অর্থ বরাদ্দ দেয়। কিন্তু চলতি ২০১৬-২০১৭ অর্থবছরে এখন পর্যন্ত কোনো বরাদ্দ আসেনি। ফলে ওই ফিলিং স্টেশনের কাছে বকেয়া আট লাখ টাকা যথাসময়ে পরিশোধ করা যায়নি। এ কারণে গত ১ জুলাই থেকে তারা জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়। সেই থেকে বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্সটি।
গত ছয় মাসের হিসাব অনুযায়ী, এ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে প্রতিদিন গড়ে আটজন ও বহির্বিভাগ থেকে ১২ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সটি বন্ধ থাকায় এখন বেসরকারি অ্যাম্বুলেন্স বা গাড়ি ভাড়া করে রোগীদের সেখানে যেতে হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মকর্তা বলেন, একজন রোগীকে সরকারি অ্যাম্বুলেন্সে ফরিদপুরে গেলে ৬০০ টাকা ও রাজবাড়ী গেলে ৪০০ টাকা ভাড়া দিতে হয়। কিন্তু বেসরকারি অ্যাম্বুলেন্স বা গাড়িতে যেতে রোগীদের কয়েক গুণ বেশি অর্থ খরচ করতে হচ্ছে। ফলে উপজেলার দরিদ্র রোগীরা বিশেষ করে বিড়ম্বনায় পড়ছে। ২০ আগস্ট স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থিত বেশির ভাগ সদস্যই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ২০১৬-১৭ অর্থবছরে জ্বালানির জন্য ১২ লাখ টাকার বরাদ্দ চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (বাজেট শাখা) কাছে একটি আবেদন ১৭ আগস্ট পাঠানো হয়েছে। বরাদ্দ এলে সমস্যার সমাধান হয়ে যাবে। পাশাপাশি অ্যাম্বুলেন্সটির চালক গত মে ও জুন মাসের রোগী বহনের টাকার হিসাব দেননি বলে অভিযোগ করেন তিনি।
তবে চালক সেকেন মণ্ডল এমন অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, রোগী বহন থেকে অর্জিত পুরো টাকা তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী বলেন, বকেয়ার কারণে অ্যাম্বুলেন্স বন্ধ রয়েছে, বিষয়টি তিনি জানতেন না। এখন দ্রুত অর্থ বরাদ্দ পেতে তিনি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করবেন।