তেলের অভাবে দুটি অ্যাম্বুলেন্সই অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অহিদুল ইসলাম (৪৮) ১২ ডিসেম্বর সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা তাঁকে দ্রুত ঢাকা বা রাজশাহীতে নিতে বলেন। হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সই বন্ধ শুনে অহিদুলের তিন স্বজন ছুটলেন বেসরকারি অ্যাম্বুলেন্সের স্ট্যান্ডে। কিন্তু সাড়ে চার ঘণ্টার চেষ্টায়ও কাউকে রাজি করাতে পারলেন না। বেলা দেড়টার দিকে হাসপাতালেই মারা যান অহিদুল।
তিন স্বজনের একজন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র শাহীন হোসেন বলেন, তাঁরা অহিদুলকে রাজশাহীতে নিতে চেয়েছিলেন। কিন্তু হাসপাতালের কার্যালয়ে গিয়ে জানতে পারেন, সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ। বেসরকারি অ্যাম্বুলেন্স চালকেরা যে ভাড়া দাবি করেন, তা জোগানোর সাধ্য ছিল না তাঁদের।
হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি দুটি অ্যাম্বুলেন্সই চলাচলের উপযোগী রয়েছে। কিন্তু দুই বছরে ৪২ লাখ টাকা বকেয়া পড়ায় ১ ডিসেম্বর থেকে জ্বালানি দিচ্ছে না ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। এরপর থেকে টানা ১৭ দিন অচল অ্যাম্বুলেন্স দুটি। কবে সচল হবে, তা জানে না হাসপাতাল কর্তৃপক্ষও।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) প্রথম আলোকে বলেন, ‘অনেক তদবির করে জ্বালানি তেলের বকেয়া পরিশোধের জন্য সম্প্রতি চার লাখ টাকা (স্বাস্থ্য) অধিদপ্তর থেকে পাওয়া গেছে। বাকি টাকা আনতে জোর প্রচেষ্টা চলছে। কত দিনে মিলবে জানি না।’
হাসপাতাল কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে মুমূর্ষু রোগীদের সাধারণত ঢাকা ও রাজশাহীতে পাঠানো হয়। সরকারি মূল্য তালিকা অনুযায়ী, প্রতি কিলোমিটারের অ্যাম্বুলেন্স ভাড়া ১০ টাকা। ভাড়ার সঙ্গে সেতু ও ফেরিঘাটের টোল যুক্ত হয়। সে হিসেবে চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার (যাওয়া-আসা মিলে ৪৫০ কিলোমিটার হিসেবে) ভাড়া হয় ৪ হাজার ৭০০ টাকা। ঢাকার (৫৪০ কিলোমিটার হিসেবে) ভাড়া হয় ৭ হাজার ৭০০ টাকা।
ভুক্তভোগীদের অভিযোগ, বেসরকারি অ্যাম্বুলেন্সে স্বাভাবিক সময়েই এই ভাড়া যথাক্রমে ৭ হাজার ও ১১ হাজারের বেশি নেওয়া হয়। সরকারি অ্যাম্বুলেন্স দুটি অচল থাকায় এখন বেসরকারি অ্যাম্বুলেন্সের মালিক-চালকেরা খেয়ালখুশিমতো ভাড়া আদায় করছেন। কেউ কেউ দ্বিগুণের বেশি ভাড়া হাঁকছেন।
তবে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের মালিক আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, হাসপাতালের অ্যাম্বুলেন্স ৫০ শতাংশ ভর্তুকি দিয়ে রোগী বহন করে। পাশাপাশি চালকের বেতন সরকার দিয়ে থাকে। কিন্তু বেসরকারি অ্যাম্বুলেন্সের এসব সুবিধা নেই। তাই বেশি ভাড়া নিতে হয়।
সরকারি অ্যাম্বুলেন্সে রোগী বহনে ৫০ শতাংশ ভর্তুকি দেওয়ার সত্যতা নিশ্চিত করেন আরএমও মাসুদ রানা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত দুই বছরে সরকারি অ্যাম্বুলেন্স দুটির ভাড়া হিসেবে পাওয়া যায় ২১ লাখ ৬০ হাজার টাকা। সেই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। তাঁর মতে, ওই টাকা স্থানীয় হিসাব নম্বরে জমার সুযোগ থাকলেও সরকারি ভর্তুকির টাকা সরাসরি পাওয়া গেলে এমন সংকট হতো না।