তেলের খরচ বাঁচাতে ফেলে দেওয়া হলো মাথার চুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথায় চুল থাকলে তেল দিতে হবে। তেল কিনতে টাকা লাগে। চুল না থাকলে তেলও লাগে না, টাকাও খরচ হয় না। তাই ক্ষুর দিয়ে চেঁছে ন্যাড়া করে দেওয়া হলো তাঁকে। আর এ কাজটি করেন গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়ি। গত রোববার শ্বশুরবাড়িতে এই ঘটনার শিকার গৃহবধূ (২৩) এ বর্ণনা দেন। যশোর সদর উপজেলার জামতলা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার এ ব্যাপারে গৃহবধূর বাবা কোতোয়ালি থানায় ওই তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। গৃহবধূর স্বামী বাবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, জামতলা গ্রামের ইনছার আলী মোল্লার ছেলে বাবুলের সঙ্গে তিন বছর আগে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের পর বাবুলকে যৌতুক হিসেবে তিনি ২০ হাজার টাকা দেন। পরবর্তী সময়ে আরও যৌতুকের দাবিতে স্বামী, শ্বশুর ও শাশুড়ি তাঁর মেয়ের ওপর নির্যাতন চালাতে থাকেন। তাঁর মেয়ের ব্যক্তিগত ব্যবহার্য জিনিসের খরচের ব্যাপারেও তাঁরা কট্টর অবস্থান নেন। রোববার বিকেলে তেলের টাকা বাঁচাতে স্বামীসহ তিনজন জোর করে তাঁর মেয়ের মাথা ন্যাড়া করে দেন।গতকাল বাবার সঙ্গে থানায় আসা গৃহবধূ তাঁর একমাত্র শিশুসন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তাঁর মাথার সামনে একগাছি চুল ছাড়া পুরো মাথাই কামিয়ে ফেলা হয়েছে। এ ব্যাপারে গৃহবধূ বলেন, ‘মারধর করে চুল ফেলে দেওয়ার পর বাপের বাড়ি যাতি চালি তারা ঘরের মধ্যি আমারে আটকায়ে রাখিল। পরে আমার এক বুন যাইয়ে আমারে ব্যার করে আনিছে।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ বলেন, জোর করে স্ত্রীর মাথার চুল ফেলে দেওয়া গুরুতর অপরাধ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাবা-মা পলাতক।গ্রেপ্তার হওয়া বাবুল হোসেন জানান, ‘হালিমার মাথায় টাক পোকা লেগেছে। তাই সে আমাকে তার মাথার চুল ফেলে দিতি বলিলো। তার কথা মতোই চুল ফেলে দিছি।’ বিয়ের সময় তিনি ১৪ হাজার টাকা যৌতুক হিসেবে নেন বলে স্বীকার করেন। তিনি বলেন, ‘আমি না, সেই টাকা নিলো আমার আব্বা।’