তেলের জাতীয় গ্রিডে অগ্নিকাণ্ড
কৈলাসটিলা-আশুগঞ্জ উত্তর-দক্ষিণ গ্যাস ও অপরিশোধিত তেলের (কনডেনসেট) জাতীয় গ্রিড থেকে তেল চুরির কারণে অগ্নিকাণ্ড হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার ঘড়ুয়া এলাকায় গত বুধবার রাতে এই ঘটনা ঘটে। এ সময় লাইনে তেল সরবরাহ বন্ধ ছিল।অগ্নিকাণ্ডের প্রায় দুই ঘণ্টা পর মৌলভীবাজার ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে পার্শ্ববর্তী গ্যাস লাইন। জাতীয় গ্যাস গ্রিড এবং ওই তেল লাইনের পরিচালক সংস্থা গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে লাইন মেরামতের কাজ শুরু করেন। বেলা তিনটার দিকে লাইনটি চালু করা হয়।এলাকাবাসী জানান, বুধবার বিকেলে ঘড়ুয়ার সুমা ব্রিকফিল্ডের উত্তর পাশে গরু চরাতে এসে এক ব্যক্তি মাঠের মধ্যে গর্ত ও তরল পদার্থ দেখতে পান। তাঁর কাছ থেকে কথাটি গ্রামে ছড়িয়ে পড়ে। অনেকে কেরোসিনের খনি আবিষ্কার হয়েছে শুনে এসে টিন, জার নিয়ে এসে তেল নিয়ে যান। রাত সাড়ে আটটার দিকে দুই কিশোর ম্যাচের কাঠি দিয়ে তরল পদার্থে আগুন ধরে কি না, তা পরখ করতে গেলে আগুন ধরে যায়। আগুনের শিখা প্রায় আট-দশ ফুট উচ্চতায় ওঠে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চারপাশ থেকে শত শত মানুষ আগুনের উৎসস্থলে ছুটে আসে। জিটিসিএল শ্রীমঙ্গল কার্যালয়ের ব্যবস্থাপক শামসুর রহমান জানান, গত মঙ্গলবার রাতে ঘড়ুয়া এলাকায় গর্ত খুঁড়ে মাটির পাঁচ ফুট নিচে থাকা তেলের পাইপ ছিদ্র করে তেল চুরি করে সংঘবদ্ধ তেলচোর চক্র। চুরি শেষে গর্তের মুখে কিছু মাটি ফেলে চলে যায়। গর্তের আশপাশে আরও কিছু জায়গায় চোরেরা মাটি খুঁড়ে লোকজনকে বিভ্রান্ত করে থাকে। যে কারণে দিনের বেলা দূর থেকে গর্তটি আলাদা করে কারও চোখে পড়েনি। গর্তের আশপাশে জমির আল কাটা ও গাড়ির চাকার দাগ ছিল। কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, ২০০৩ সাল থেকে উত্তর-দক্ষিণ গ্রিড লাইনে ৬০ থেকে ৭০টি স্থানে চুরি বা চুরির প্রচেষ্টা হয়েছে। গ্রিড লাইনের পাহারার দায়িত্বে আছে আল-আরাফাত সিকিউরিটিস সার্ভিসেস কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান।