তেলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুরে আজ সোমবার ফার্নেস তেলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নয়াপুরে হাতুরাপাড়া এলাকায় ময়না ট্রেডিং-এর ফার্নেস তেলের ট্যাংকের ময়লা পরিষ্কার করতে আজ দুপুরে প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী হান্নান মিয়া ও পরিচালক মাসুম মিয়া ট্যাংকের ভেতরে ঢোকেন। দীর্ঘ সময় পরও তাঁরা বেরিয়ে না আসায় প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মচারীরা ট্যাংকের ভেতরে তাঁদের সন্ধান করেন। না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন কর্মচারীরা। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।