তেলের ডিপোয় অগ্নিকাণ্ড, শিশুসহ চারজন আহত
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গত মঙ্গলবার রাতে একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন। আগুনে একটি পিকআপ ভ্যান, তেলভর্তি কয়েকটি ড্রাম ও অন্তত তিনটি দোকান পুড়ে গেছে।
আগুনে দগ্ধ হয়ে আহত ব্যক্তিরা হলেন চৌদ্দগ্রামের লক্ষ্মীপুর গ্রামের কোরবান আলীর ছেলে আশিক মিয়া (২০) ও নোয়াপাড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে পিয়াস উদ্দিন (১৩), নাঙ্গলকোট উপজেলার তপোবন গ্রামের জাকির হোসেন (২৮) ও মদনপুর গ্রামের নুরুল হকের ছেলে মো. বাবু (১৯)।
প্রত্যক্ষদর্শী আজমল হোসেনসহ স্থানীয় তিনজন ব্যবসায়ী জানান, হাড়িসর্দার এলাকায় আবু বকর নামের এক ব্যক্তির তেলের ডিপোয় মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে যমুনা পেট্রোলিয়াম কোম্পানির একটি তেলবাহী লরি থেকে তেল চুরি করে নেওয়ার সময় অগ্নিকাণ্ড ঘটে। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের তাপে তেলভর্তি ড্রাম বিস্ফোরিত হয়ে পাশের জমিতে গিয়ে পড়ে। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের দুটি দল খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি দল আসে। আড়াই ঘণ্টা পর রাত আনুমানিক ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় পাশের তিনটি দোকান পুড়ে যায়। আগুনে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে ডিপোর মালিক আবু বকরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
চৌদ্দগ্রামের ইউএনও দেবময় দেওয়ান বলেন, ‘ভস্মীভূত ডিপোর ব্যাপারে জেনেছি। ’