তেলের দাম কমবে না, মান বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নসরুল হামিদ। ফাইল ছবি
নসরুল হামিদ। ফাইল ছবি

জ্বালানি তেলের দাম না কমিয়ে এর মান বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, তেলের মান ও তেলের দাম এ দুটিকে সমন্বয় করা হবে। এ নিয়ে স্থানীয় উৎপাদনকারীদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে নসরুল হামিদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বিশ্ব বাজারে তেলের দাম কম হওয়া সত্ত্বেও সরকার কেন দাম কমাচ্ছে না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বিশ্ববাজারের তেলের দামের সঙ্গে এ দেশে মূল্য সমন্বয় করা হয়নি। কারণ তেলের এই জায়গা থেকে সরকারের কিছুটা হলেও অর্থ দরকার। সরকারের পরিকল্পনা এখন তেলের মানটাকে নিয়ে। পেট্রলের মান এমএস ৮০ গ্রেডের। খুব নিম্নমানের পেট্রল। আর অকটেন ৯০ গ্রেডের। এই মানটাকে বাড়ানো দরকার। তিনি বলেন, তেলের ব্যবহার ধীরে ধীরে বাংলাদেশে কমে আসছে। আমদানির পরিমাণও কমে আসছে। কারণ এখানে সিএনজি বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) আমদানির প্রক্রিয়া শুরু হবে।
সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘যাঁরা এর বিরুদ্ধে আন্দোলন করছেন আগামী মাসে আমি একটু সময় করব তাঁদের নিয়ে রামপাল যাওয়ার। সবাইকে নিয়ে যাব। সাংবাদিকদের নিয়ে গেলাম। অনেকে তো জায়গাই দেখেন নাই। ঢাকায় বসে আন্দোলন করছেন। চলুন আমরা সবাই একসঙ্গে যাই। সুন্দরবন সেখান থেকে কত দূরে আছে। ওখানে নেমে গিয়ে দেখি, আমরা ফিল করি, কতটুকু পরিবেশের জন্য ক্ষতিকারক। বিশেষজ্ঞের মতামত না-ই বা দিলাম, অন্তত দেখলাম। পশুর নদীতে ঘুরলাম, একটু দেখলাম সেখান থেকে রামপাল কত দূরে। আমাদের হয়তো যোগাযোগের অভাব ছিল। এর কারণে অনেক তথ্য হয় তো জানা হয়নি।’ তিনি বলেন, সরকার নবায়নযোগ্য, সৌর বিদ্যুৎ, বায়ুশক্তিসহ শক্তির সব উৎসকে ব্যবহার করতে চায়। তবে কয়লাকে ভিত্তি শক্তি হিসেবে রাখতে চায়।

ছাতকের টেংরাটিলা গ্যাস ফিল্ডে কানাডীয় কোম্পানি নাইকোকে কাজ দেওয়াটাই ভুল ছিল বলে মন্তব্য করে নসরুল হামিদ বলেন, নাইকোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য এখন বাংলাদেশ চেষ্টা করছে। আন্তর্জাতিক আদালতে (ইকসিড) করা নাইকোর মামলার পুনঃ শুনানির জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২-৬ নভেম্বর লন্ডনে এই পুনঃ শুনানি অনুষ্ঠিত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বিশ্বব্যাপী নাইকোর ব্যবসায়িক অবস্থা ভালো না। বিগত সরকার (বিএনপি জোট) নাইকোকে কাজ দিয়েছে। নাইকোকে এই গ্যাস ফিল্ডের (টেংরাটিলা) কাজ দেওয়ার সিদ্ধান্তটাই ভুল ছিল। তিনি বলেন, ‘নাইকো আমাদের বিরুদ্ধে দুটি মামলা করেছিল ইকসিডে। গত বছর একটি মামলার রায়ে নাইকোর আটকিয়ে রাখা ২৫ মিলিয়ন ডলার ফেরত দিতে বলেছেন আদালত। তবে আমরা নষ্ট হওয়া গ্যাসের মূল্য বাবদ নাইকোর কাছে ১২৫ মিলিয়ন ডলার চাই।’
নিরাপত্তার অজুহাতে বিদ্যুৎ ক্ষেত্রে থেকে বিদেশি প্রকৌশলীদের সরিয়ে নেওয়া হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, এটি ঠিক হয়নি। এলাকাগুলোতে যথেষ্ট নিরাপত্তা রয়েছে। ইতিমধ্যে আরও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের পরিচালনায় মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।