তেলের দাম কমানোর দাবি ওয়ার্কার্স পার্টির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমানোর দাবি করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ও সরকারের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে বিদ্যুৎ-গ্যাসের বর্ধিত মূল্য ও পরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।

গতকাল শুক্রবার রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় বক্তব্য তুলে ধরেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

ফজলে হোসেন বলেন, ‘বিশ্বের অনেক দেশ তেলের দাম কমিয়েছে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতও তেলের দাম কমিয়েছে। কিন্তু আমাদের দেশে জ্বালানির দাম কমানো হয়নি। জ্বালানি তেলের দাম কমানোর দাবি করা হলে জ্বালানি-সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা মূল্য না
কমানোর হুংকার দেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

ফজলে হোসেন বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির ১০ দিনের মধ্যেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সিএনজিচালিত বাসের ভাড়া বৃদ্ধির ঘোষণা করেছে। এই আকস্মিক মূল্য কারও কাম্য ছিল না। ভাড়া বৃদ্ধির ঘোষণায় সরকার মালিকদের স্বার্থই রক্ষা করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, ‘বর্তমানেÿক্ষমতায় ১৪-দলীয় জোট। তাই বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর মতো জনগুরুত্বপূর্ণ মৌলিক সিদ্ধান্ত নেওয়ার আগে তা অবশ্যই ১৪-দলীয় জোটে আলোচনা হওয়া উচিত ছিল। কিন্তু আলোচনা হয়নি। তাহলে তো ১৪ দলের জোট রাখার কোনো অর্থই দাঁড়ায় না। তাই অবিলম্বে ১৪ দলের বৈঠক ডেকে বিষয়টি আলোচনা করা হোক।’

সংবাদ সম্মেলনে ফজলে হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি স্থগিত, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম কমানোর দাবিসহ সাতটি দাবি তুলে ধরেন। জনগণের সংকট দূর করতে সরকার পদক্ষেপ না নিলে ওয়ার্কার্স পার্টি নতুন কর্মসূচি দেবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান, আমিনুল ইসলাম, কামরুল আহসান, মোস্তফা আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।