তেলের দাম কমানোর দাবি সিপিবি-বাসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববাজারের সঙ্গে সংগতি রেখে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে সংগঠন দুটির নেতারা এ দাবি জানান। পাশাপাশি রেলের ভাড়া না বাড়ানোরও দাবি জানানো হয়।
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে ওই সভায় দল দুটির নেতারা বক্তব্য দেন। সভায় খালেকুজ্জামান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও সরকার জ্বালানি তেলের দাম কমাচ্ছে না। রেলে সেবার মান কমছে। কিন্তু সরকার অযৌক্তিকভাবে রেলের ভাড়া বাড়ানোর পাঁয়তারা করছে। সরকারের এ অবস্থান অগণতান্ত্রিক ও গণবিরোধী আচরণের বহিঃপ্রকাশ। জনগণের দুর্ভোগ বাড়িয়ে আইএমএফ, বিশ্বব্যাংক ও দেশি-বিদেশি এজেন্টদের খুশি করতে চাইছে।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য সাজেদুল হকের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির, আহসান হাবিব ও বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ।
সমাবেশে বক্তারা আরও বলেন, জনজীবনে সংকট বাড়ছেই। বিদেশে গ্যাস পাচারের পক্ষে যুক্তি দাঁড় করাতে গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। সরকার দেশি-বিদেশি লুটেরা, আমলা-মন্ত্রী ও সরকারি দলের গুন্ডাদের স্বার্থ রক্ষা করছে।