তেলের দাম কমানোর বিষয়টি চিন্তায় আছে: প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম কমানোর পরও বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সোমবার জাতীয় সংসদে পেট্রোলিয়াম বিলের ওপর আলোচনায় এই মন্তব্য করেন তিনি।

এর আগে বেশ কয়েকজন সাংসদ বিলের ওপর আলোচনাকালে জ্বালানি তেলের দাম কমানো হবে কি না জানতে চান। সাংসদেরা বলেন, সারা বিশ্বে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে সেই তুলনায় কমছে না।

নসরুল হামিদ জবাবে বলেন, সরকার একদফা জ্বালানি তেলের দাম কমিয়েছে। কিন্তু বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি। কোনো যানবাহনে ভাড়া কমানো হয়নি। তেল পরিবহনের কার্গোর ভাড়াও কমেনি।
সরকার আবারও দাম কমানোর ভাবনা থেকে সরে আসেনি জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘তেলের দাম কমানোর বিষয়টি সরকারের চিন্তার মধ্যে আছে। তবে দাম কমালে বাজারে কী ধরনের প্রভাব পড়ে, সেটা বোঝার চেষ্টা করছি।’

সাংসদদের নোটিশের ওপর আলোচনা শেষে পেট্রোলিয়াম বিল-২০১৬ সংসদে পাস হয়। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

১৯৩৪ সালের এই আইন সামরিক শাসনামলে (১৯৮৬ সালে) সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করা হয়। সেই অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে বিলটি পাস করা হয়েছে।

বিলে পেট্রোলিয়াম আমদানি, মজুত ও পরিবহনের সময়ে দুর্ঘটনা ঘটলে সেই সংবাদ কর্তৃপক্ষকে না জানালে ছয় মাস পর্যন্ত জেল বা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।