তেলের দাম কমানোর বিষয়ে পর্যালোচনার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম কমানো যায় কি না, মন্ত্রণালয়কে তা পর্যালোচনার তাগিদ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় কমিটি এই সুপারিশ করেছে। 

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে উপস্থিত কমিটির একাধিক সদস্য জানান, কমিটি তেলের দাম কমানোর বিষয়টি পর্যালোচনার পাশাপাশি এর সুবিধা সাধারণ মানুষ পাবে কি না তা নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, তেলের দাম কমানো হলে সাধারণত যানবাহনের ভাড়া কমানো হয় না। কৃষিসহ অন্যান্য কাজে তেলের দামের ওপর নির্ভরশীলদের কোনো উপকার হয় না। এর সুবিধা মধ্যস্বত্বভোগীরা পেয়ে থাকেন। তাই কমিটি এ বিষয়ে বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কি না, সে বিষয়ে চিন্তাভাবনা করতে বলেছে।
বৈঠকে উপস্থিত কমিটির সদস্য আতিউর রহমান সাংবাদিকদের বলেন, জ্বালানি তেলের দাম না কমিয়ে সারের দাম ও আবাসিক এলাকায় বিদ্যুতের দাম কমালে সাধারণ মানুষ সরাসরি সুবিধা পাবেন।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমানোর ফলে ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত বিপিসির ১১ হাজার ৭৮ কোটি ৭৫ লাখ টাকা আয় হয়েছে। আয়ের এই অর্থ থেকে সাত হাজার ১০৮ কোটি ৬৩ লাখ টাকা দেনা পরিশোধ করা হয়েছে। এ ছাড়া ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)-২ এর জন্য জমি কেনা হয়েছে।
কার্যপত্রে আরও বলা হয়, বর্তমানে ডিজেলের কেনা দাম ৪০ টাকা ১৬ পয়সা। বিক্রয় মূল্য ৬৮ টাকা, কেরোসিনের কেনা দাম ৪০ টাকা ৬১ পয়সা। বিক্রয় মূল্য ৬৮ টাকা। পেট্রলের কেনা দাম ৬২ টাকা ৫০ পয়সা। বিক্রয় মূল্য ৯৬ টাকা।
কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আতিউর রহমান, আবু জাহির, এম আবদুল লতিফ, আ ফ ম বাহাউদ্দিন, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও নাসিমা ফেরদৌসী উপস্থিত ছিলেন।