জ্বালানি তেলের দাম কমিয়ে সিএনজির (রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস) দাম বাড়ানো যাবে না। বরং জ্বালানি তেলের দামের সঙ্গে আনুপাতিক হারে সিএনজির দাম কমাতে হবে।
গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ খান বলেন, সরকার জ্বালানির দাম কমানোর পাশাপাশি সিএনজির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে সিএনজি ফিলিং স্টেশন মালিকেরা সংকটে পড়বেন।
মাসুদ খান দাবি করেন, ২০১১ সালে দাম বাড়নোর পর গণপরিবহনে সিএনজির ব্যবহার কমে গেছে। ফলে সিএনজি ফিলিং স্টেশন মালিকেরা আর্থিক ক্ষতির মধ্যে পড়ছেন। তিনি বলেন, দেশের মোট গ্যাস উৎপাদনের মাত্র ৫ শতাংশ সিএনজি খাতে ব্যবহৃত হয়। প্রাকৃতিক গ্যাস ব্যবহারের নয়টি খাতের মধ্যে সিএনজি খাতই লাভজনক হারে সরকারকে রাজস্ব দিচ্ছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক ফারহান নুর, সহসভাপতি মনোরঞ্জন ভক্তসহ অন্যরা উপস্থিত ছিলেন।