তেলের দাম কমিয়ে সিএনজির মূল্যবৃদ্ধি নয়
জ্বালানি তেলের মূল্য কমিয়ে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) মূল্য কমানো যাবে না। সরকার এমন সিদ্ধান্ত নিলে এই খাতটি মুখ থুবড়ে পড়বে।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। তাঁরা বলেছেন, সিএনজির দাম বাড়ালে ২৩ এপ্রিল ঢাকায় ফিলিং স্টেশন মালিকেরা কর্মসূচি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ খান বলেন, সরকার জ্বালানির দাম কমানোর পাশাপাশি সিএনজির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সিএনজি স্টেশন মালিকেরা সংকটে পড়বেন। এ খাতে বিনিয়োগ করা ছয় হাজার কোটি টাকা ক্ষতি হবে তাঁদের।
জ্বালানি তেলে দামের সঙ্গে সিএনজির দাম আনুপাতিক হারে কমানোর দাবি করে মাসুদ খান বলেন, তেলের দাম কমিয়ে গ্যাসের দাম বাড়ানো হলে গণপরিবহনে সিএনজির ব্যবহার নিরুৎসাহিত হবে এবং বাজার–বৈষম্য সৃষ্টি হবে। অথচ দেশের মোট গ্যাস উৎপাদনের মাত্র ৫ ভাগ এ খাতে ব্যবহৃত হয় এবং মোট গ্যাসমূল্যের ২২ ভাগের বেশি রাজস্ব এখাত থেকে পাচ্ছে সরকার। প্রাকৃতিক গ্যাস ব্যবহারের নয়টি খাতের মধ্যে সিএনজি খাতই লাভজনক হারে রাজস্ব দিচ্ছে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে বলা হয়, ২০১১ সালে সিএনজির মূল্যবৃদ্ধির পর গণপরিবহনে সিএনজির ব্যবহার কমে গেছে। এসব যানবাহনে জ্বালানি তেল ব্যবহার হওয়ায় সিএনজি ফিলিং স্টেশন মালিকেরা আর্থিক ক্ষতির মধ্যে পড়ছেন, তেমনি বাতাসে দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক ফারহান নুর, সহসভাপতি মনোরঞ্জন ভক্ত প্রমুখ উপস্থিত ছিলেন।