তেলের দাম শিগগিরই কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর কার্যালয়ে গতকাল ফুল দিয়ে শুভেচ্ছা জানান এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যরা l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর কার্যালয়ে গতকাল ফুল দিয়ে শুভেচ্ছা জানান এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যরা l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে শিগগিরই কমছে না। ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সম্প্রতি বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তটি সঠিক বলে মন্তব্য করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির এক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠক নিয়ে জানতে চাইলে এফবিসিসিআইয়ের সভাপতি প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত দিয়েছেন। তবে স্পষ্ট করে কিছু বলেননি। প্রধানমন্ত্রী বলেছেন, বহু বছর ধরেই ভর্তুকি দিয়ে জনগণকে কম দামে ডিজেল দিতে হয়েছে। এর মাধ্যমে সরকারের দায়দেনা হয়েছে ৩৭ হাজার কোটি টাকা। তেলের আন্তর্জাতিক দর কমায় আট হাজার কোটি টাকা ঋণ থেকে মুক্তি মিলেছে। এভাবে আরও কিছুদিন চললে জ্বালানি তেল থেকে উদ্বৃত্ত অর্থ যোগাযোগ ও বিদ্যুৎ খাতে পুনর্বিনিয়োগ করা যাবে।
ব্যবসায়ীদের প্রতিনিধিদলে এফবিসিসিআইয়ের সাবেক তিন সভাপতি সালমান এফ রহমান, এ কে আজাদ ও কাজী আকরাম উদ্দিন আহ্মদ, বর্তমান কমিটির সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও মাহবুবুল আলমসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর কারণে শিল্পের ওপর চাপ বাড়বে। যদি ধাপে ধাপে বাড়ানো হতো, তবে ভালো হতো। কারণ শিল্প খাত সমস্যার মধ্যে আছে।
এ বিষয়ে মাতলুব আহমাদ প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ‘এখন ২৪ ঘণ্টা মানসম্পন্ন বিদ্যুৎ দেওয়া হচ্ছে। মানসম্পন্ন বিদ্যুৎ দিতে হলে সঞ্চালনব্যবস্থার উন্নতি করতে হয়। এ জন্য খরচ বেড়ে গেছে। দাম না বাড়ালে সেটি কীভাবে করব?’ তিনি (প্রধানমন্ত্রী) আরও বলেছেন, বাসাবাড়িতে এলপিজি ব্যবহারে উৎসাহিত করা হবে।
ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীর কাছে সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনার দাবি করেন। এ বিষয়ে এফবিসিসিআইয়ের সভাপতি জানান, প্রধানমন্ত্রী বলেছেন, শিল্প স্থাপনে ব্যাংকঋণের সুদের হার ৯ শতাংশের আশপাশে হলে ভালো হয়। তবে সেটি তো একদিনে হবে না। সরকার কাজ করছে। মূল্যস্ফীতি কমে এসেছে। সুদহারও কমে আসবে।
বাসস জানায়, বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন যে বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় ঘরে ও বাইরের সম্ভাবনাময় বাজারে প্রবেশ করতে সরকারের দেওয়া অনেক সুযোগ-সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ তৈরি পোশাক খাতে তার উৎকর্ষের স্বাক্ষর রেখেছে। বিশাল সমুদ্র এলাকায় এখন বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হওয়ায় বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণসহ বিপুল সামুদ্রিক সম্পদের সদ্ব্যবহারে ব্যবসায়ীদের এগিয়ে আসা প্রয়োজন।
শেখ হাসিনা বলেন, এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রস্তাবিত বাংলাদেশ, ভুটান, ভারত এবং নেপাল রুট এবং বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার করিডর আঞ্চলিক কানেকটিভিটি প্রতিষ্ঠা করবে। কর প্রদানে ব্যবসায়ীদের উৎসাহিত করতে এফবিসিসিআইয়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীর দেওয়া করই ব্যবসায়ীদের ইনসেনটিভ প্রদানে সরকারকে সহায়তা করে। ছোট ব্যবসায়ীদের সহায়তা করার জন্য বড় ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এলপিজির ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহারের উল্লেখ করে বলেন, তাঁর সরকার এ ক্ষেত্রে ব্যবসায়ীদের কাছ থেকে কোনো সাড়া পায়নি। তিনি এলপিজি গ্যাস বাজারজাত করার জন্য সিলিন্ডার তৈরি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, মুখ্য সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বাসস জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে গতকাল বাংলাদেশে নবনিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।