তেলের দাম সমন্বয় করা হলে বিদ্যুতের দাম বাড়াতে হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমহ্রাসমান দাম অনুযায়ী দেশে এর দাম সমন্বয় করা হলে এখন বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হয় না। বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর বিষয়ে অনুষ্ঠিত গণশুনানিতে গ্রাহকপক্ষের সব বক্তাই এমন অভিমত দিয়েছেন।
অন্যদিকে পাইকারি দাম বাড়ানোর প্রস্তাবক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রতিনিধিরা বলেছেন, জ্বালানি তেলের দাম সমন্বয় করা না করার ওপর তাঁদের কোনো হাত নেই। তাঁরা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছ থেকে আগের দামেই জ্বালানি তেল কিনছেন। ফলে তাঁদের জন্য বিদ্যুতের দাম বাড়ানোর কোনো বিকল্প নেই।
রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে গতকাল মঙ্গলবার সকালে এই শুনানি হয়। এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এ আর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে কমিশনের অন্য চার সদস্য উপস্থিত ছিলেন।
পিডিবি পাঁচটি বিতরণ কোম্পানির কাছে পাইকারি দামে যে বিপুল পরিমাণ বিদ্যুৎ বিক্রি করে বর্তমানে তার প্রতি ইউনিটের দাম ৪ টাকা ৬৪ পয়সা। আর উৎপাদন ব্যয় প্রায় সাড়ে ছয় টাকা। এই অবস্থায় পিডিবি ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ১৮ দশমিক ১২ শতাংশ হিসাবে ৮৪ পয়সা করে বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
পিডিবির প্রস্তাব বিশ্লেষণ করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি অবশ্য বলেছে, পিডিবির প্রয়োজন মেটানোর জন্য ৫ দশমিক ১২ শতাংশ দাম বাড়ানোই যথেষ্ট। তবে মূল্যায়ন কমিটির এই হিসাবের কিছু ত্রুটি ধরিয়ে দেন পিডিবির প্রতিনিধিরা।
দাম বাড়ানোর প্রস্তাবের ওপর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পক্ষ থেকে আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, তেলের দাম যত দিন কম থাকবে, তত দিন বিদ্যুতের দাম বাড়ানোর কোনো যুক্তি নেই। সরকার যদি তেলের দাম সমন্বয় না করে তাহলে তো তেল বিক্রি থেকে সরকার মুনাফা করছে। সেই মুনাফা থেকে বিদ্যুৎ খাতে সরকার সহজেই ভর্তুকি দিতে পারে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের (ক্যাব) বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, তেলের দাম কমায় বিদ্যুতের বাড়তি দাম থেকে গ্রাহক সুরক্ষা পাওয়ার দাবিদার। বর্তমানে কার্যত বিদ্যুতের দাম কমানোর পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে সরকারকে অজনপ্রিয় করার অসৎ উদ্দেশ্যে। তিনি বলেন, দাম বাড়ানোই বিদ্যুৎ খাতের সব সমস্যার সমাধান নয়। এই খাতকে দুর্নীতি ও অসাধু ব্যবসায়ীমুক্ত করতে হবে। তিনি দু-একটি চুক্তি এবং সরকারি কেন্দ্রের পরিবর্তে বেসরকারি কেন্দ্রে গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়ার বিষয় উল্লেখও করেন।
শুনানির একপর্যায়ে বিইআরসির চেয়ারম্যান বলেন, কিছু দুর্নীতি তো অবশ্যই আছে। অব্যবস্থাপনাও আছে। বিদ্যুৎ খাতকে বাজার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।
আলোচনার কেন্দ্রবিন্দু জ্বালানি তেলের দাম হলেও শুনানিতে বিপিসির কোনো প্রতিনিধি ছিলেন না। বিইআরসির চেয়ারম্যান বলেন, চিঠি দিয়ে এবং ফোন করে বিপিসির একজন প্রতিনিধিকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ওয়ার্কার্স পার্টির সাংসদ ইয়াসিন আলী, ঢাকা চেম্বারের হোসেন আলী, বিজিএমইএর সচিব কাজী শামসুল আলম, বাম মোর্চার পক্ষে জোনায়েদ সাকী প্রমুখ। শুনানি চলাকালে দাম না বাড়ানোর দাবিতে বিইআরসি কার্যালয়ের সামনে বাম মোর্চা প্রতিবাদ সমাবেশ করে।

আজ বুধবার সকালে পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) প্রস্তাবিত সঞ্চালনের মূল্যহার বাড়ানো এবং বিকেলে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি হবে।