তেলের দূষণ ছড়িয়েছে সবজিখেতে
ওয়াগন থেকে ছড়িয়ে পড়া তেল নদীদূষণ ছাড়াও আশপাশের এলাকার ফসলি জমির ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ফার্নেস তেল ছড়ানোর কারণে খালপাড়ের অন্তত ১০ একর জমির সবজি নষ্ট হয়ে গেছে। এতে বিপদে পড়েছেন কৃষক।
গতকাল শুক্রবার সরেজমিনে চট্টগ্রামের বোয়ালখালীর দুর্ঘটনাকবলিত এলাকায় গিয়ে দেখা যায়, খালের পাশের কচুখেতের পানিতে তেল ভাসছে। কচুগাছের গোড়া ও গায়ে কালো তেলের প্রলেপ পড়েছে। কচুখেতের পাশের পুকুর ও ডোবার পানি কালচে হয়ে গেছে।
খালপাড়ে সবজির আবাদ করা কৃষক মো. জালাল জানান, এক একর জমিতে কচুখেত করেছেন তিনি। তেল ছড়িয়ে পড়ায় খেতের সব কচু কালচে হয়ে গেছে। খেত থেকেও দুর্গন্ধ ছড়াচ্ছে।
জালাল জানান, ৬০ হাজার টাকায় হারগেজি খালপাড়ের এক একর জমি ইজারা নিয়ে কচুর চাষ করেছেন তিনি। চাষের জন্য খরচ হয়েছে আরও ৪০ হাজার টাকা। তিনি জানান, খেত থেকে কচু তোলার সময় এখন। এর মধ্যে দুর্ঘটনায় ওয়াগন থেকে তেল ছড়িয়ে পড়ায় পুরো খেত নষ্ট হয়ে গেছে তাঁর। তিনি জানান, কচু বিক্রি করে পরিবারের ঈদের কেনাকাটার খরচ মেটাতেন। এখন প্রশাসন থেকে ক্ষতিপূরণ দেওয়া না হলে তিনি এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারবেন না।
জালালের মতো মো. জহিরের আধা একর জমির কচু নষ্ট হয়েছে। এ ছাড়া চিচিঙা ও ঢ্যাঁড়সখেতও তেলের কারণে নষ্ট হয়েছে। জহির বলেন, ‘বাজারে এই কচু নিয়ে গিয়ে বিক্রি করতে পারিনি। ফেলে দিতে হয়েছে।’
বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. মইনুদ্দিন বলেন, তেলবাহী ট্রেন দুর্ঘটনার পর আশপাশের জমি ও খেতে তেল ছড়িয়েছে। এতে কচু ও চিচিঙাখেত নষ্ট হয়েছে। তবে তাঁর ধারণা, ফসলি জমিতে তেল ছড়ালেও এর দীর্ঘ মেয়াদে ক্ষতির আশঙ্কা নেই।
বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ জানান, তেলের কারণে অন্তত ১০ একর ধানের জমি ও সবজিখেত নষ্ট হয়েছে। পুকুরেও তেল ঢুকেছে। তাঁর দাবি, রেলওয়ের গাফিলতির কারণেই তেল ছড়িয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্যোগ নিলে এত তেল ছড়াত না।
১৯ জুন দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার সীমান্তে শাইরাপুল এলাকায় হারগেজি খালের (বোয়ালখালী খাল) সেতু পার হওয়ার সময় সেটি ভেঙে খালে পড়ে যায় তেলবাহী ট্রেন। দুর্ঘটনায় দুটি ওয়াগন খালে পড়ে, আংশিক ডুবে থাকে আরও একটি। প্রতিটি ওয়াগনে ২৫ হাজার লিটার তেল ছিল। তিনটি ওয়াগন থেকে ৭০ হাজার লিটার তেল ছড়িয়ে পড়ে। হারগেজি খাল কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত। জোয়ার-ভাটার প্রভাবে আশপাশের পুকুর, খালসহ কর্ণফুলী নদী এবং মা মাছের প্রজনন ক্ষেত্র হালদা নদীতে তেল ছড়িয়ে পড়ে।
এদিকে গতকালও খাল থেকে ওয়াগন টেনে তোলা যায়নি। রেলওয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. মাহবুবুল আলম জানান, রিলিফ ট্রেন (উদ্ধারকারী যান) গেলেও খালে পানি বেশি থাকায় এবং পানির নিচে লোহা কাটার যন্ত্র না থাকায় উদ্ধারকাজ চালাতে পারেননি কর্মীরা।
খাল ও আশপাশের জলাশয় থেকে নিজস্ব পদ্ধতিতে গতকালও স্থানীয় লোকজন ৩ হাজার ১৮৬ লিটার তেল সংগ্রহ করেছেন। যমুনা অয়েল কোম্পানির কর্মীরা খালপাড় থেকেই সংগ্রহ করা এই তেল প্রতি লিটার ৬০ টাকা দরে কিনে নিয়েছেন।