তেলের দূষণ নিয়ন্ত্রণে সুন্দরবনের পথে কান্ডারি-১০
পূর্ব সুন্দরবনের শ্যালা নদীতে ছড়িয়ে পড়া তেলের দূষণ নিয়ন্ত্রণ করতে আজ বুধবার বেলা একটার দিকে চট্টগ্রাম বন্দর থেকে রওনা হয়েছে জাহাজ কান্ডারি-১০। জাহাজটির আগামীকাল বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থলে পৌঁছার কথা।
বন্দর সূত্র জানায়, জাহাজটিতে ১০ হাজার লিটার তেলের দূষণ নিয়ন্ত্রণকারী রাসায়নিক ‘অয়েল ডিসপারসেন্ট’ রয়েছে। কান্ডারি-১০ থেকে এই রাসায়নিক ছিটিয়ে দেওয়া হবে পানিতে ভাসমান তেলের ওপর। এতে তেলের দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
বন্দরের বোর্ড সদস্য কমোডর এম শাহজাহান প্রথম আলোকে জানান, কান্ডারি-১০ জাহাজটিতে যে পরিমাণ রাসায়নিক রয়েছে, তা ব্যবহার করে অন্তত ৫০০-৬০০ মেট্রিক টন তেলের দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব।
গতকাল ভোরে পূর্ব সুন্দরবনের শ্যালা নদীতে একটি জাহাজের ধাক্কায় ওটি সাউদার্ন স্টার-৭ নামের জাহাজটি ডুবে যায়। এখান থেকে সাড়ে তিন লাখ লিটার তেল শ্যালা নদীতে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, সাগরে ছড়িয়ে পড়া তেল থেকে পরিবেশের দূষণ রক্ষা করতে চট্টগ্রাম বন্দর একটি প্রকল্প হাতে নিয়েছিল। এই প্রকল্পের আওতায় ছোট আকারের বিশেষায়িত জাহাজ ‘বে-ক্লিনার-২’ দিয়ে পানিতে ভাসমান তেল সংগ্রহ করা সম্ভব। তবে ছোট আকারের হওয়ায় জাহাজটি সুন্দরবনে পাঠানো হচ্ছে না বলে বন্দর কর্মকর্তারা জানান। এ ছাড়া কান্ডারি-১১ নামে আরেকটি উদ্ধারকারী জাহাজ রয়েছে। এই জাহাজ থেকেও শুধু রাসায়নিক ছিটিয়ে তেলের দূষণ কমানো যায়।