তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা নগর জাতীয় কমিটি আয়োজিত এক সমাবেশে নেতারা এ দাবি জানান।সমাবেশ থেকে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ সাত দফা দাবিতে ১১ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের চার বছরে জ্বালানি তেলের দাম পাঁচবার বাড়ানো হয়েছে। তেলের মূল্যবৃদ্ধির ফলে জনগণের আপেক্ষিক আয় কমে যাবে। মানুষের জীবনে নতুন যে দুর্বিষহ বোঝা তৈরি হলো, তার জন্য সরকারকে জবাবদিহি করতে হবে।জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, সরকার বিশ্বব্যাংক-আইএমএফসহ আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করে জ্বালানি খাত ধ্বংস করছে। এবার ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে কৃষকের উৎপাদন ব্যয় বাড়বে। কৃষক এমনিতেই ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। তার ওপর উৎপাদন ব্যয় বাড়লে তাঁরা এর ভার সইতে পারবেন না। সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রকাশ্য যুক্তির মধ্যে সরকার বলে, তেল আমদানিতে ভর্তুকি বেড়ে যাচ্ছে। অপ্রকাশ্য যুক্তি, আইএমএফের কাছ থেকে ঋণ পেতে গেলে তেলের দাম বাড়াতে হবে। ভর্তুকি বেড়েছে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য। ভর্তুকি সম্পর্কে সরকারের যুক্তির কোনো ভিত্তি নেই। রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎকেন্দ্র মেরামত ও নবায়ন করা হলে দ্বিগুণ বিদ্যুৎ পাওয়া যেত। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোয় পরিবহন তথা জীবনযাত্রার ব্যয় বাড়বে।আবু বকর রিপনের সভাপতিত্বে সমাবেশে জাতীয় কমিটির সংগঠক ও সিপিবির নেতা রুহিন হোসেন, সিপিবি ঢাকা নগরের নেতা খান আসাদুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ওয়ার্কার্স পার্টির রাগীব আহসান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রক্রিয়া বন্ধের দাবিতে ৯ জানুয়ারি সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও ঢাকায় কারওয়ান বাজারের বিইআরসি কার্যালয়ের সামনে কালো পতাকা হাতে ‘গণধরনা’ সমাবেশ ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ গতকাল এক বিবৃতিতে এই আহ্বান জানান। বিবৃতিতে নেতারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণায় ইতিমধ্যে দ্রব্যমূল্য-যাতায়াত-কৃষি উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রক্রিয়াও চলছে। পকেট কাটার এসব সিদ্ধান্ত জনগণ মেনে নেয়নি, নেবে না।