তেলের সঙ্গে কোকেন, তদন্তে ত্রুটি থাকায় আদালতের অসন্তোষ
তেলের সঙ্গে কোকেন আনার ঘটনায় পুলিশের তদন্তে ত্রুটি থাকায় আদালত অসন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রতিটি প্লাস্টিকের ড্রাম থেকে পৃথকভাবে ২০০ মিলিমিটার করে নমুনা সংগ্রহ করে তা রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম এসব আদেশ দেন। তদন্তে চট্টগ্রাম বন্দর, কাস্টমসসহ সংশ্লিষ্ট সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা করতেও নির্দেশ দেন তিনি।
আদালত সূত্রে জানা গেছে, তেলের সঙ্গে কোকেন আনার ঘটনায় দায়ের হওয়া মামলার নথিতে জব্দ তালিকা না থাকা, আলামত আইনি প্রক্রিয়ায় রাসায়নিক পরীক্ষায় জন্য না পাঠানো, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার মুঠোফোন জব্দ তালিকায় না রাখা, আলামত বাংলাদেশের বাইরে থেকে চট্টগ্রাম বন্দরে আনা হলেও বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ধারা সংযোজন না করাসহ নানা অসংগতি তুলে ধরে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত।
গত ৬ জুন পুলিশের তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে সূর্যমুখী তেলের চালানটি চট্টগ্রাম বন্দরে জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত ২৭ জুন সূর্যমুখী তেলের চালানের একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। এ ঘটনায় দায়ের হওয়া মাদক আইনের মামলায় গত বৃহস্পতিবার তিন আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামিরা হলেন মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, কসকো বাংলাদেশ শিপিং লাইন লিমিটেডের ব্যবস্থাপক এ কে আজাদ ও আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল। ৩০ জুন রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। বর্তমানে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে।
মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মামলার আলামত কয়েক দিনের দিনের মধ্যে জব্দ তালিকায় দেখানো হবে। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে আদালত প্রয়োজনীয় সহযোগিতা করতে নির্দেশনা দিয়েছেন। তদন্তে কোনো ত্রুটি থাকলে আদালতের নির্দেশনা অনুযায়ী তা সংশোধন করা হচ্ছে।
আদালত সূত্র জানায়, বিচারক আদেশে উল্লেখ করেন, এই মামলার আলামত আনার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো ব্যাংকিং পত্র ইনভয়েস, কাস্টমস কাগজপত্র বা সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করা এবং জব্দ করা হয়েছে কি না, তা নথিতে নেই। তদন্ত কর্মকর্তাকে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হলো। অপরাধ কাজে ব্যবহৃত যোগাযোগ মাধ্যম বা ডিভাইসগুলো জব্দ না করলে মামলার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে যেতে পারে, এই বিষয়ে তদন্ত কর্মকর্তাকে সতর্ক করা হলো।
চট্টগ্রাম বন্দরের যেখানে মামলার আলামত রক্ষিত আছে। সেখানে প্রয়োজনীয় সংখ্যক সশস্ত্র নিরাপত্তারক্ষী ব্যবস্থা করা। ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা পর্যবেক্ষণ করতে বন্দর নিরাপত্তা বিভাগকে নির্দেশ দেওয়া হলো। বর্তমানে কী অবস্থায় আলামতগুলো আছে ও কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা বন্দর নিরাপত্তা বিভাগকে আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে আদালতে।
তদন্তে বিঘ্ন ঘটিয়ে কিংবা ইচ্ছাকৃতভাবে মামলার অজ্ঞাত আসামিদের সহায়তা করা হয়, এমন কার্যক্রমে অংশ না নিতেও তদন্ত সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছেন চট্টগ্রাম মহানগর হাকিম। তিনি আদেশে আরও বলেন, আলামত কোকেন হয়ে থাকলে আন্তর্জাতিক ও দেশের অভ্যন্তরীণ চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। এজাহারে আলামত জাহাজ যোগে বাংলাদেশের বাইরে থেকে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসার পর আটক করা হয়। এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করলেও চোরাচালান সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর কোনো ধারা সংযোজন করা হয়নি।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আদালতের আদেশটি এখনো হাতে এসে পৌঁছায়নি। এটি পাওয়ার পর মামলা দায়ের ও তদন্তে কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে। সতর্কতার সহিত মামলাটি তদন্ত করা হচ্ছে।