তোড়জোড় এখন ঈদের সাজ নিয়ে
ঘনিয়ে আসছে ঈদ। বাড়ছে ব্যস্ততা। কেনকাটা শেষ হতে চলেছে। এবার নজর সাজসজ্জার দিকে। ঈদের দিনটিতে সেরা পোশাকে নিজেকে সুন্দর দেখাক, এই আকাঙ্ক্ষা সব নারীর। তাই সৌন্দর্যচর্চার প্রস্তুতি শুরু হয়েছে এখন থেকেই।
পরিবার ও নিজের পোশাক কিনতে গিয়ে চলছে এ-দোকান ও-দোকান ঘোরাঘুরি। ফলে রোদ, বৃষ্টি ও ধুলাবালুতে ত্বক ও চুলের ত্রাহি অবস্থা। সে কারণে কেনাকাটাসহ বাইরের কাজ সেরে ঘরে ফিরেই মনোযোগী হতে হবে ত্বক ও চুলের যত্নে।
রূপবিশেষজ্ঞ বাঁশরী ব্যানার্জী বললেন, ত্বক প্রাণবন্ত রাখার তিনটি উপায় ক্লিনজিং, টোনিং ও ময়শ্চারাইজিং। কেনাকাটাসহ যেকোনো কাজে বাইরে বের হওয়ার সময় অবশ্যই সানস্ক্রিনযুক্ত লোশন বা ক্রিম ব্যবহার করতে হবে। বাসায় ফিরেই ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে ভালোমতো মুখ পরিষ্কার করতে হবে। এ ছাড়া সপ্তাহে দুদিন ঘরে তৈরি স্ক্র্যাব ব্যবহার করুন। চালের গুঁড়া বা বেসন স্ক্র্যাব হিসেবে ব্যবহার করা যায়। ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করতে পারেন ঘরোয়া প্যাক। ভালো কোনো কোম্পানির উপটান বা বেসন, গুঁড়া দুধ, মধু ও ডিমের সাদা অংশ মিলিয়ে প্যাক তৈরি করে ব্যবহারে ত্বক উজ্জ্বল ও মসৃণ হবে।
চুল ভালো রাখার প্রধান উপায় চুল পরিষ্কার রাখা। প্রয়োজন হলে প্রতিদিনই চুল শ্যাম্পু করা দরকার। শ্যাম্পু শেষে কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। সপ্তাহে দুদিন বা একদিন চুলে যত্ন নিতে হবে। ভালোমতো চুলে তেল ম্যাসাজ করে ডিমের সঙ্গে বাটা মসুর ডাল মিশিয়ে চুলে মেখে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে। মাথায় খুশকি থাকলে নিমপাতাবাটা ব্যবহারে উপকার পাওয়া যাবে।
আর পায়ের যত্নে ঘরে ফিরে গরম পানিতে লবণ মিশিয়ে পা ডুবিয়ে রাখতে হবে। তারপর ব্রাশ কিংবা স্টোন বা তোয়ালে দিয়ে পা ঘষে শ্যাম্পু বা সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এতে পা যেমন সুন্দর থাকবে, তেমনি ক্লান্তিও দূর হবে।
যাঁরা ব্যস্ততার জন্য ঘরে ঠিকমতো চুল ও ত্বকের যত্ন নিতে পারছেন না, তাঁরা খুব সহজেই ঘুরে আসতে পারেন বিউটি পারলারগুলোতে। এ ছাড়া লুকে পরিবর্তন আনতে চুলে নতুন কাট দিতে পারেন। তবে চুল কাটতে চাইলে মুখের সঙ্গে মানানসই হওয়ার জন্য কয়েক দিন আগেই কেটে নেওয়া ভালো।
সৌন্দর্যচর্চা কেন্দ্রগুলোর খোঁজখবর:
পারসোনা: ফেসিয়াল ৫৫০-২৫০০, হেয়ার ট্রিটমেন্ট ৫০০-৭৫০, হেয়ার কাট ২০০-৭৫০, হেয়ার রিবন্ডিং ৮০০০-২৫০০০, প্যাডিকিওর-ম্যানিকিওর ৭৫০ টাকা।
লুসি বিউটি পার্লার: ফেসিয়াল ৫০০-২০০০, হেয়ার ট্রিটমেন্ট ৫০০-১৫০০, হেয়ার কাট ৩০০-৫০০, হেয়ার রিবন্ডিং ৭০০০-১২০০০, হেয়ার কালার ৩০০০-৫০০০, প্যাডিকিওর ৬০০ ম্যানিকিওর ৪০০ টাকা।
নিউ লুক: হেয়ার কাট ১২০-৬০০, ফেসিয়াল ২০০-৩০০০, রিবন্ডিং ৬০০০-২৫০০০, হেয়ার ট্রিটমেন্ট ৪০০-২০০০ টাকা।
ফেয়ার টাচ: হেয়ার কাট ৩০০-৬০০, ফেসিয়াল ৮০০-১৬০০, হেয়ার কালার ও রিবন্ডিং ৩৫০০-৮০০০, হেয়ার ট্রিটমেন্ট ৫০০-১০০০ টাকা।
বিউটি বাফে: ঈদ উপলক্ষে তিনটি প্যাকেজ চলছে। এক্সক্লুসিভ প্যাকেজে খরচ পড়বে ৩৪০০, প্রিমিয়ার প্যাকেজ ২৭২০ ও নরমাল প্যাকেজ ১৫৩০ টাকা। তিনটি প্যাকেজেই ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিওর ও ম্যানিকিওর সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া হেয়ারকাট ১০০-৭৫০ ও ফেসিয়াল ৮০০-২৫০০ টাকা।
আলভিরা বিউটি কেয়ার: ঈদ উপলক্ষে সৌন্দর্যচর্চায় আলভিরা দিচ্ছে ছাড়। চাঁদরাত পর্যন্ত সব ধরনের ফেসিয়ালে ১৫% ছাড় চলছে। আর ২২ রমজান পর্যন্ত চুল রিবন্ডিংয়ে ২৫% ছাড় দেওয়া হচ্ছে।