তোপের মুখে ক্ষমা চাইলেন তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিআর-কাবিখার বরাদ্দ সাংসদদের পকেটে যায়—এই মন্তব্য করে তোপের মুখে পড়ে ক্ষমা চেয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল সোমবার সকালের দিকে মন্ত্রিসভার বৈঠকে এবং সন্ধ্যায় জাতীয় সংসদে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
গত রোববার ঢাকায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘টিআর-কাবিখার বরাদ্দের অর্ধেকই চলে যায় সংসদ সদস্যদের পকেটে। মাঠপর্যায়ে যদি ৩০০ টন যায়, সেখান থেকে দেড় শ টন চুরি হয়। আর এসব চুরি করেন সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও আমলারা। অবশ্য সব এমপিই চুরি করেন না, তবে বেশির ভাগ এমপি চুরি করেন।’
তথ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল সকালে মন্ত্রিসভার বৈঠকে কয়েকজন মন্ত্রী বিরক্তি প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বৈঠকে দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি পড়ে শোনান তথ্যমন্ত্রী। সন্ধ্যায় বিষয়টি ঘিরে সংসদ অধিবেশনকক্ষ উত্তপ্ত হয়ে ওঠে।
মাগরিবের নামাজের বিরতির পর সংসদের কার্যক্রম শুরু হলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সাংসদেরা বক্তব্য দেওয়ার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে থাকেন। স্পিকার তখন কাউকে সুযোগ না দিয়ে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলেন। একপর্যায়ে পয়েন্ট অব অর্ডারে আবুল হাসানাত আবদুল্লাহ, কাজী ফিরোজ রশীদ ও রুস্তম আলী ফরাজীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। ফিরোজ রশীদ বলেন, ‘আমরা সাড়ে তিন শ সদস্য মনে হয় সবাই চোর হয়ে গেছি। আর এই সাড়ে তিন শ এমপির মধ্যে কিন্তু একজন সাধু আছেন এবং উনি হচ্ছেন আমাদের মাননীয় তথ্যমন্ত্রী।’
তাঁদের বক্তব্যের পর তথ্যমন্ত্রী ব্যাখ্যা দেওয়া শুরু করলে সাংসদেরা হইচই করেন। কেউ কেউ টেবিলে ফাইল চাপড়ান। অনেকে এ সময় নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেন এবং তথ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেন। এর মধ্যেই তথ্যমন্ত্রী ক্ষমা চাইলে অধিবেশনকক্ষ শান্ত হয়।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংসদদের উদ্দেশে বলেন, ‘তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। এরপরও আপনাদের কোনো বক্তব্য থাকলে আমার কাছে এসে পরে বলতে পারবেন।’ এরপরও সাংসদেরা হইচই করতে থাকলে স্পিকার বলেন, ‘আপনারা এরপর আর কী বক্তব্য আশা করছেন?’ এ সময় তথ্যমন্ত্রী আবার দাঁড়িয়ে মাইক চান এবং বলেন, ‘টিআর-কাবিখা নিয়ে আমার বরাত দিয়ে গণমাধ্যমে যে বক্তব্য প্রকাশ হয়েছে, আমি মনে করি তা অনভিপ্রেত ছিল। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি।’ এরপর সাংসদেরা শান্ত হন।
তথ্যমন্ত্রী তাঁর ব্যাখ্যায় বলেন, টেস্ট রিলিফ ও কাজের বিনিময়ে খাদ্য বিতরণে অতীতের সরকারগুলোর অব্যবস্থাপনা ও দুর্নীতির অবসানে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের আন্তরিক প্রচেষ্টার বিষয়টি বলতে গিয়ে ক্ষেত্রবিশেষ দুর্নীতির কথা তিনি বলেছেন। ঢালাওভাবে বলেননি। গণমাধ্যমে এর কিছু এসেছে, কিছু আসেনি।
সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মাগরিবের নামাজের জন্য সংসদের কার্যক্রম ২০ মিনিটের জন্য বিরতি দেওয়া হয়। কিন্তু স্পিকার সংসদকক্ষে প্রবেশ করে কার্যক্রম শুরু করেন ৭টা ৫৫ মিনিটে। এর আগে অধিবেশনকক্ষ থেকে লবি হয়ে তথ্যমন্ত্রী বের হওয়ার সময় কয়েকজন সাংসদ ‘ধর, ধর’ বলতে থাকেন। এ সময় তথ্যমন্ত্রী স্পিকারের কক্ষে যান।
সকালের দিকে মন্ত্রিসভার বৈঠকেও দুঃখ প্রকাশ করেন তথ্যমন্ত্রী। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিসভার একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, গতকাল মন্ত্রিসভার নিয়মিত আলোচ্যসূচি শেষ হওয়ার পর তথ্য মন্ত্রণালয়ের লোগো-সংবলিত একটি খাম মন্ত্রিসভার সদস্যদের টেবিলে পৌঁছে দেন তথ্যমন্ত্রী। খামের ভেতরে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়, যার শিরোনাম ছিল ‘তথ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ’। এতে তিনি বলেছেন, টিআর-কাবিখা প্রসঙ্গে প্রকাশিত সংবাদের বিষয়ে কোনো বিভ্রান্তি বা ভুল-বোঝাবুঝি হলে বা কেউ দুঃখ পেয়ে থাকলে তা অনভিপ্রেত।
সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানায়, তথ্যমন্ত্রীর এই বক্তব্যে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী বলেন, তথ্যমন্ত্রী বলেছেন যে টিআর-কাবিখা নিয়ে তিনি এভাবে কথা বলতে চাননি এবং কীভাবে তিনি কথাগুলো বলেছেন, তা তুলে ধরার চেষ্টা করেন। এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, এভাবে বলিনি, এটা বলার কোনো সুযোগ নেই। যখন রেকর্ড দেখাবে, তখন কী বলবেন?
এ সময় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, ‘২০০৯ থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। এক ছটাক গম খেয়েছি, এ কথা কেউ বললে ও প্রমাণ করলে পদত্যাগ করব। এভাবে সবাইকে চোর বানানো ঠিক হয়নি।’