তোপের মুখে তারেক সাঈদের আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনকালে কয়েকজন আসামির আইনজীবীদের তোপের মুখে পড়েছেন র‍্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল (বরখাস্ত) তারেক সাঈদ মোহাম্মদের একজন আইনজীবী। এ ছাড়া একই বিষয়ের পুনরাবৃত্তি এবং রাষ্ট্রপক্ষ ও মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করায় আদালত তাঁকে ভৎ৴সনা করেন।

গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতের কার্যক্রম শুরু হলে অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন তারেক সাঈদের আইনজীবী মো. সুলতানুজ্জামান। এরপর তারেক সাঈদের পক্ষে আরেক আইনজীবী মো. সাহাবুদ্দীন যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি একই বিষয়ের পুনরাবৃত্তি করায় আদালত বিরক্তি প্রকাশ করেন।

২১ নভেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। গতকাল পর্যন্ত র‍্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ ও আরিফ হোসেনসহ ৩১ জন আসামির আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। আদালত আজ মঙ্গলবার পরবর্তী দিন ধার্য করেন। আজ যুক্তিতর্ক উপস্থাপন করবেন মামলার প্রধান আসামি নূর হোসেনের আইনজীবী। সাত খুনের ঘটনায় করা দুই মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ৩৫ জন। আইনজীবী সুলতানুজ্জামান যুক্তিতর্কে দাবি করেন, তারেক সাঈদ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজেকে জড়িয়ে কিছু না বলায় সেটি আইনত স্বীকারোক্তিমূলক জবানবন্দি নয়। তা ছাড়া নিরপেক্ষ সাক্ষী না থাকায় সহ-আসামিদের বক্তব্যও আইনত এ আসামির বিষয়ে প্রযোজ্য নয়। সুলতানুজ্জামানের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মো. সাহাবুদ্দীন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। আবার পুনরাবৃত্তি করায় দুপুর ১২টা ৫ মিনিটে আদালত তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আপনি একবার ডানে যান, একবার বামে যান। আমি কী লিখব বলেন।’

পাঁচ মিনিট পর এই আইনজীবী বলেন, তারেক সাঈদের সঙ্গে নূর হোসেনের কোনো সম্পর্ক নেই। আরিফের সঙ্গে নূর হোসেনের সম্পর্ক ছিল। এ সময় নূর হোসেনের আইনজীবী খোকন সাহা কাঠগড়ায় থাকা তারেক সাঈদকে উদ্দেশ করে বলেন, ‘তারেক সাহেব ওনাকে থামান না। মামলা নষ্ট করছে তো।’ তবে তারেক সাঈদ কিছু বলেননি।

পরে একপর্যায়ে সাহাবুদ্দীন রাষ্ট্রপক্ষ ও মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে মামলার নথি ঘষামাজা করার অভিযোগ আনেন। তিনি বলেন, তাঁকে তারেক সাঈদের জবানবন্দির যে কপি দেওয়া হয়েছে, সেখানে ৪ নম্বর পৃষ্ঠাকে নেওয়া হয়েছে ১৮ নম্বর পৃষ্ঠায় এবং মাঝের সব পৃষ্ঠার নম্বর ঘষামাজা করা হয়েছে। জেরার সময় তদন্তকারী কর্মকর্তা বলেছেন, তাঁর কপিতে কোনো কাটাছেঁড়া নেই। সাহাবুদ্দীন তখন আদালতকে উদ্দেশ করে বলেন, যাঁরা মামলার নথিতে ঘষামাজা করেছেন, তাঁরা আদালতের বাইরে কি না করতে পারেন।

তখন বিচারক বলেন, ‘আমার কপিতেও কাটাকাটি নেই। আপনি কারণ ছাড়াই রাষ্ট্রপক্ষকে গালি দিচ্ছেন, তদন্তকারী কর্মকর্তাকে গালি দিচ্ছেন, এটা ঠিক না।’