তোপের মুখে বিএনপি নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা নির্বাচনে কেন্দ্র মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে দলীয় নেতা-কর্মীদের তোপের মুখে পড়েছেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম। আজ রোববার জেলা বিএনপি কার্যালয়ে পৌরসভা নির্বাচনসংক্রান্ত এক সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল মাহমুদ টুকুর সামনেই এ ঘটনা ঘটে।

এ সময় ক্ষুব্ধ নেতা-কর্মীরা মীর শাহে আলমকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন। তখন মীর শাহে আলমের পক্ষের নেতা-কর্মীরা এর প্রতিবাদ জানালে শুরু হয় হট্টগোল, হইচই। তখন মীর শাহে আলম সভা শেষ না করেই কার্যালয় থেকে দ্রুত বেরিয়ে যান। ক্ষুব্ধ নেতা-কর্মীরা তাঁকে উদ্দেশ্য করে ‘ধর, ধর’ বলে চিৎকারও করেন।
জেলা বিএনপি সূত্র জানায়, পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় সুনিশ্চিত এবং নির্বাচন তদারকি করতে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ‘মনিটরিং সেল’ গঠন করা হয়েছে। বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জসহ পাঁচ জেলা ​নিয়ে গঠিত ‘মনিটরিং সেল’ সমন্বয়ের দায়িত্ব চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল মাহমুদকে দেওয়া হয়। আজ রোববার সকালে বগুড়া শহরের নওয়াববাড়ি সড়কে জেলা বিএনপি কার্যালয়ে মনিটরিং সেলের সভা হয়। সভায় বিএনপি নেতা মীর শাহে আলম ছাড়াও শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত কয়েকজন নেতা-কর্মী মীর শাহে আলমের বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মতিয়ার রহমানের বিপক্ষে কাজ করছেন। তাঁরা মীর শাহে আলমকে বহিষ্কারের দাবি তোলেন। তখন শাহে আলমের পক্ষের নেতা-কর্মীরা এর প্রতিবাদ করলে শুরু হয় হট্টগোল।
পরে চেয়ারপারসনের উপদেষ্টা দলীয় নেতাদের সতর্ক করে বলেন, দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপস্থিত থাকা বগুড়া জেলা বিএনপির সদস্য আবদুল গফুর বলেন, মীর শাহে আলমকে দল থেকে বহিষ্কারের দাবিতে নেতা-কর্মীরা হইচই শুরু করেন। অবস্থা বেগতিক দেখে মীর শাহে আলম সভা শেষ না করেই দ্রুত কার্যালয় থেকে বেরিয়ে যান।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল মাহমুদের সামনেই মীর শাহে আলম কিছু নেতা-কর্মীর তোপের মুখে পড়েছিলেন।’
তবে মীর শাহে আলম দাবি করেন, তাঁকে কেন্দ্র করে কোনো হট্টগোল হয়নি। সভা শেষেই তিনি কার্যালয় থেকে বেরিয়ে এসেছেন। তিনি দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগও অস্বীকার করেন।
তবে শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী মতিয়ার রহমান অভিযোগ করেন, শাহে আলম তাঁর বিপক্ষে কাজ করছেন।
মুঠোফোনে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল মাহমুদ টুকু প্রথম আলোকে বলেন, ‘দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় সভায় কয়েকজন নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি ওঠে। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে একটু হট্টগোল হয়েছে।’