তোবার মেশিনও বিক্রি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয় থেকে গতকাল তোবার শ্রমিকেরা জুলাই মাসের বকেয়া মজুরি ও এক মাসের ওভারটাইম নেন l ছবি: প্রথম আলো
রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয় থেকে গতকাল তোবার শ্রমিকেরা জুলাই মাসের বকেয়া মজুরি ও এক মাসের ওভারটাইম নেন l ছবি: প্রথম আলো

তোবা গ্রুপের উত্তর বাড্ডার পাঁচ কারখানা আবার চালু অনেকটাই অনিশ্চিত। কারণ, শ্রমিকদের পাওনা পরিশোধ করতে ইতিমধ্যে ওই কারখানাগুলোর সেলাই মেশিন বিক্রি করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও এ বিষয়ে মালিকপক্ষ কিছু বলছে না। বিজিএমইএ বলছে, কারখানা আবার চলবে কি চলবে না, সে সিদ্ধান্ত নেবে তোবা গ্রুপ।
আর এতে শ্রমিকেরা দিশেহারা। তাঁরা কী করবেন বুঝতে পারছেন না—অপেক্ষা নাকি নতুন কর্মসংস্থানের সন্ধান। অবশ্য এরই মধ্যে শ্রমিকদের একটি অংশ অন্য কারখানায় খোঁজখবর নিয়েও আশার আলো দেখছে না।
এরই মধ্যে কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয় থেকে গতকাল রোববার তোবার শ্রমিকেরা জুলাই মাসের বকেয়া মজুরি ও এক মাসের ওভারটাইম নিয়েছেন। জুলাই মাসে তোবার ওই পাঁচ কারখানার শ্রমিক ছিলেন এক হাজার ৪১৭ জন। বেলা দুইটা থেকে রাত পর্যন্ত এক হাজার ৩৮৩ জন শ্রমিক তাঁদের পাওনা বুঝে পান। বাকিরা তখনো লাইনে দাঁড়িয়ে টাকা সংগ্রহ করছিলেন। তবে ঈদ বোনাস দেওয়ার বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি।
তার আগে বিজিএমইএ ৬ ও ৭ আগস্ট তোবার শ্রমিকদের গত মে ও জুন মাসের মজুরি পরিশোধ করে। এ জন্য শ্রমিকদের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। ঈদের আনন্দ ছেড়ে তারা টানা ১১ দিন অনশন করেছেন। পুলিশের লাঠিপেটা, এমনকি রাবার বুলেটও জুটেছে কারও কারও ভাগ্যে। অভিযোগ আছে, এই পুরো প্রক্রিয়াটি করা হয়েছে বিশেষ উদ্দেশ্যে। পোশাকশ্রমিকদের জিম্মি করেই তোবার মালিক দেলোয়ার হোসেন কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন। তাঁর বিরুদ্ধে আছে ২০১২ সালের নভেম্বর তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনায় ১১১ শ্রমিক পুড়িয়ে মারার অভিযোগ।
বিজিএমইএ কার্যালয়ে গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও বিজিএমইএর নেতারা। এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এবং তোবা শ্রমিকদের নিয়ে যাঁরা ‘আন্দোলন’ করেছেন, তাঁদের সমালোচনা করা হয়।
কারখানা চালু নিয়ে শঙ্কা: গতকাল দুপুরে নির্ধারিত সময়ের আগেই শ্রমিকেরা বিজিএমইএর কার্যালয়ে আসেন। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে শ্রমিকেরা বেতন ও ওভারটাইম বুঝে নেন। তোবার পাঁচটি কারখানা তোবা ফ্যাশনস, তোবা টেক্সটাইলস, বুকশান গার্মেন্টস, তাইফ ডিজাইন ও মিতা ডিজাইনের শ্রমিকদের জন্য আলাদা বুথ করা হয়।
অনেক আন্দোলন-সংগ্রাম শেষে পাওনা টাকা পেলেও শ্রমিকদের মুখে হাসি দেখা যায়নি। অধিকাংশের কপালেই চিন্তার ভাঁজ। এখন তাঁদের প্রশ্ন, কারখানা কি চালু হবে ও বোনাস দেবে কবে? তবে শ্রমিকদের একটি অংশ আশায় আছে, কারখানা আবার চালু হবে, তারা আবার কাজ করবে।
তোবা ফ্যাশনের অপারেটর শিলা আক্তার বলেন, ‘আশেপাশের কারখানায় খোঁজ নিয়েছি। তোবার শ্রমিক তারা নিবে না বলে দিয়েছে। আরও বলেছে তোমরা খারাপ, খালি আন্দোলন করো।’ তিনি আরও বলেন, ‘আশায় আছি কারখানা আবার চালু হবে।’
তবে শ্রমিকদের জন্য আপাতত সুখবর নেই। স্পষ্ট করে কেউ না বললেও বিজিএমইএর একাধিক নেতা ও কয়েকজন মালিককে গতকাল বলতে দেখা গেছে, দেলোয়ারের পক্ষে এই কারখানা চালু করা সম্ভব না। তোবার এক কর্মকর্তাও সেই ইঙ্গিত দিলেন। তবে কেউই স্পষ্ট করে বলছেন না, কারণ কারখানা বন্ধ করলেই শ্রমিকদের দেনা-পাওনা নিয়ে আবার শুরু হবে আলোচনা।
শ্রমিকদের তিন মাসের মজুরি, ওভারটাইম ও ঈদ বোনাস পরিশোধের জন্য দেলোয়ার হোসেনের বাড্ডা এলাকায় দুটি জমি বিক্রি করা হয়েছে। এ ছাড়া পাঁচ কারখানার প্রায় ৫৫০টি সেলাই মেশিনও বিক্রির চেষ্টা চলছে।
বিজিএমইএ ও তোবার কর্মকর্তারা জানান, দেলোয়ার বাড্ডা এলাকার তাঁর নিজের ১৬ ও সাড়ে নয় কাঠার দুটি জমি বিক্রি করেছেন। প্রথমটি কাঠাপ্রতি ২০ লাখ করে মোট তিন কোটি ২০ লাখ ও দ্বিতীয়টি দুই কোটি ৬৬ লাখ টাকায় স্থানীয় চুন্নু নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেছেন। এতে এসেছে পাঁচ কোটি ৮৬ লাখ টাকা। তবে দুটি জমিই ফারইস্ট লিজিং কোম্পানিতে বন্ধক থাকায় সেখানে তিন কোটি টাকা বকেয়া আছে।
জমি বিক্রি করে পাওয়া এক কোটি চার লাখ ৫৩ হাজার টাকা দিয়ে গতকাল শ্রমিকদের জুলাই মাসের মজুরি ও এক মাসের ওভারটাইম দিতে বিজিএমইএর হাতে তুলে দেন দেলোয়ার। এ ছাড়া গত সপ্তাহে বিজিএমইএ তাদের সদস্যদের কাছ থেকে দুই কোটি ২১ লাখ টাকা ধার করে শ্রমিকদের দুই মাসের বেতন দেয়। সেই টাকাও দেলোয়ারকে পরিশোধ করতে হবে।
এদিকে শ্রমিকদের বোনাস দেওয়ার জন্য বিজিএমইএ নিজস্ব তত্ত্বাবধানে সেলাই মেশিন বিক্রি করার চেষ্টা করছে। বিষয়টি স্বীকার করে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৩০ লাখ টাকা দর উঠেছে। এই টাকা দিয়ে শ্রমিকদের বোনাস দেওয়া হবে।
কারখানা খোলা বা বন্ধের বিষয়ে দেলোয়ারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ। এ বিষয়ে দেলোয়ারের ভাতিজা ও তোবার কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, কারখানা আবার চালু হবে কি না, তা দু-এক দিনের মধ্যে জানা যাবে। তিনি জানান, তাজরীনের ঘটনায় দেলোয়ারের ১২৫ কোটি টাকা ক্ষতি হয়।
জানতে চাইলে আতিকুল ইসলাম বলেন, এটি কারখানা কর্তৃপক্ষের বিষয়। তবে বিজিএমইএর পক্ষ থেকে এ বিষয়ে অবশ্যই চাপ থাকবে। তবে পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তোবার পাঁচ কারখানায় বিমা করা ছিল। তবে একটি টাকাও দেয়নি বিমাপ্রতিষ্ঠান। সমালোচনা করে তিনি বলেন, বিপদে পড়লে প্রতিষ্ঠানগুলো ‘আকাশে যত তারা, বিমার তত ধারা’ দেখায়।