তোবার শ্রমিকদের আইন অনুযায়ী প্রাপ্য দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোবা গ্রুপের পোশাক কারখানাগুলো বন্ধ করতে চাইলে আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য পরিশোধ করার, তাঁদের বিভিন্ন পোশাক কারখানায় চাকরি দেওয়ার এবং তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেনের জামিন বাতিল ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গতকাল রোববার বিকেলে ফোরাম আয়োজিত সংহতি সমাবেশ থেকে এসব দাবিসহ সাত দফা দাবি জানানো হয়। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে তোবার কারখানাগুলোকে রাষ্ট্রায়ত্তকরণ, বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলের বিচার, শ্রমিক ও নেতা-কর্মীদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত-নিখোঁজ, আহত শ্রমিকদের অবিলম্বে ক্ষতিপূরণ প্রদান।
সমাবেশ শেষে তোবা গ্রুপের শ্রমিকদের পক্ষ থেকে ২০ আগস্ট আফতাবনগরে ন্যায্য পাওনা আদায়ের দাবিতে সম্মেলনের ঘোষণা দেওয়া হয়।
প্রতিবাদী গান দিয়ে শুরু হওয়া সংহতি সমাবেশের শুরুতেই বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভানেত্রী মোশরেফা মিশু। তিনি বলেন, ১১ দিনের অনশন শ্রমিকদের অনেক কিছু শিখিয়েছে, পরিণত করেছে। আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিকদের কাছে পরিষ্কার হয়েছে, এই রাষ্ট্র ও সরকার শ্রমিকদের নয়। সমাবেশের সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, নতুন উদ্যমে দাবি আদায়ের জন্য এগিয়ে যেতে হবে, সংগঠিত হতে হবে। আরও অনেক দাবি আদায় করতে হবে।
নানা রকম দুর্দশা ও ঝুঁকির মধ্যেও বাংলাদেশ শ্রমিকদের কারণেই অর্থনৈতিকভাবে এখনো টিকে আছে উল্লেখ করে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, তোবার শ্রমিকদের এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক নতুন ধারা সৃষ্টি হয়েছে। সরকারের বিরুদ্ধে শ্রমিকদের নৈতিক বিজয় হয়েছে।
একপর্যায়ে বৃষ্টি শুরু হলেও সমাবেশ অব্যাহত থাকে। সমাবেশে আসা প্রায় শ তিনেক শ্রমিকের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘পুলিশ, মাস্তান, দালাল শ্রমিকনেতাদের রুখে দাঁড়াও’, ‘রানা প্লাজা ভবনধসের জায়গায় স্মৃতিসৌধ নির্মাণ কর’, ‘নিহত শ্রমিকদের পরিবারকে এক জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ দাও’ ইত্যাদি স্লোগান লেখা ছিল।
শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করতে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, শ্রমিকদের টাকা মেরে দেওয়ার ক্ষেত্রে মালিক ও সরকার এক পক্ষ। তিনি বলেন, এ মুহূর্তে কারখানার শ্রমিকদের রক্ষার দুটি উপায় আছে—কারখানাগুলোকে রাষ্ট্রায়ত্তকরণ অথবা শ্রমিকদেরই কারখানা পরিচালনার দায়িত্ব দেওয়া।
সমাবেশে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, বিভিন্ন শ্রমিক সংগঠন, বাম দল ও ছাত্রসংগঠনের নেতারা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।