তোবার শ্রমিকদের জন্য সুখবর নেই!

তোবা গ্রুপের বন্ধ হওয়া পাঁচ কারখানার পোশাকশ্রমিকদের জন্য এখনো সুখবর নেই। তাঁদের ক্ষতিপূরণ বুঝে পাওয়ার নির্দিষ্ট আশ্বাস দিতে পারছেন না শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। তিনি তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির নেতা-কর্মীদের বলেছেন, ঈদের আগে পাওনা বুঝিয়ে দিতে চেষ্টা চলছে।
সংগ্রাম কমিটির এক প্রতিনিধিদলের সঙ্গে গতকাল রোববার দুপুরে মন্ত্রণালয়ে অনানুষ্ঠানিক বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী এ কথা বলেছেন। বৈঠক শেষে প্রতিমন্ত্রীর বরাত দিয়ে প্রথম আলোকে এ কথা জানিয়েছেন বৈঠকে উপস্থিত থাকা সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশু, সদস্য শহীদুল ইসলাম ও জলি তালুকদার।
তার আগে গতকাল বেলা ১১টায় তোবার পাঁচ কারখানার কয়েকজন শ্রমিক ও সংগ্রাম কমিটির নেতা-কর্মীরা রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে তাঁরা বন্ধ হওয়া তোবার পাঁচ কারখানা অবিলম্বে খুলে দেওয়া, শ্রমিকদের ক্ষতিপূরণ ২৫ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ, তোবার মালিক দেলোয়ার হোসেনের জামিন বাতিলের দাবি জানান।
পৌনে ১২টায় সংগ্রাম কমিটির নেতা-কর্মীরা এসব দাবি আদায়ে শ্রম প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিতে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে মোশরেফা মিশুর নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন ও বৈঠক করেন।
বৈঠকের বিষয়ে মোশরেফা বলেন, প্রতিমন্ত্রী জানিয়েছেন তাঁরা চেষ্টা করছেন। ২১ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে তোবার সংকট সমাধানে সিদ্ধান্ত হতে পারে।
জানতে চাইলে দেলোয়ার হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘ঈদের আগে শ্রমিকদের ক্ষতিপূরণ আংশিক হলেও দেওয়ার চেষ্টা করছি। সরকারের মন্ত্রীরাও চাপ দিচ্ছেন। আমি বসে নেই। একটা ব্যবস্থা তো করতেই হবে।’