তোবা গ্রুপের অনশনরত পোশাকশ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকেরা ও বিভিন্ন সংগঠন। গতকাল রোববার পৃথক বিবৃতিতে ও বিজ্ঞপ্তিতে তাঁরা এ দাবি জানিয়ে বলেন, শ্রমিকদের দাবি ন্যায়সংগত। তাই আর সময় নষ্ট না করে দাবি পূরণে সরকার ও পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএকে কার্যকর ও সক্রিয় পদক্ষেপ নিতে হবে।
তোবার শ্রমিকদের দাবি মানা না হলে ৬ আগস্ট শ্রমিকদের সমর্থনে ঢাকায় প্রতীকী অনশন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা। এক বিবৃতিতে তাঁরা বলেছেন, তোবার শ্রমিকদের তিন মাস ধরে বেতন-বোনাস দেওয়া হয়নি। ঈদের সময় প্রতিশ্রুত বেতন-বোনাস না দিয়ে উল্টো তাঁদের জিম্মি করে কারাগারে থাকা কারখানার মালিককে বের করে আনার ফন্দি আঁটা হয়েছিল। যথাসময়ে পাওনা পরিশোধ না করে শ্রমিকদের অনশন করতে বাধ্য করার দায় সরকার ও পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এড়াতে পারে না। তাই পোশাক খাত ও শ্রমিক রক্ষায় আর এক মুহূর্তও দেরি না করে শ্রমিকদের সমস্যার সমাধান করতে হবে।
বিবৃতিদাতারা হলেন: অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক কে এম সাদ’উদ্দিন, শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, কামাল লোহানী, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক আকমল হোসেন, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আ ব ম ফারুক, অধ্যাপক শফিকুজ্জামান, অধ্যাপক আজিজুর রহমান, অধ্যাপক হারুন-উর-রশীদ, অধ্যাপক আবিদুর রেজা, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক এ এন রাশেদা, আশরাফুজ্জামান সেলিম, আবুল কাশেম, আকসাদুল আমীন, রুবাইয়াত ফেরদৌস, শান্তনু মজুমদার, আবদুল মতিন, তানজিম উদ্দিন খান, মোশাহিদা সুলতানা ও এম এ জলিল।
তোবার শ্রমিকদের অনশনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা মেটাতে সরকার ও বিজিএমইএকে কার্যকর ও সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেতন-ভাতা ও অন্যান্য মৌলিক দাবিতে আন্দোলন করা শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার।
এদিকে তোবার এক হাজার ৬০০ শ্রমিকের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে তাঁদের পাওনা পরিশোধের দাবি জানিয়েছে শ্রমিক ঐক্য ও জাতীয় গণতান্ত্রিক জোট।