তোবার শ্রমিকদের নিয়ে দিনভর টানাহেঁচড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মীরা গতকাল উত্তর বাড্ডায় তোবা গ্রুপের পোশাক কারখানার ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে l ছবি: প্রথম আলো
বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মীরা গতকাল উত্তর বাড্ডায় তোবা গ্রুপের পোশাক কারখানার ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে l ছবি: প্রথম আলো

বকেয়া বেতন-বোনাস নেওয়া না-নেওয়া প্রশ্নে বিভক্ত শ্রমিক সংগঠনগুলোর চাপে পিষ্ট হয়েছেন তোবা গ্রুপের শ্রমিকেরা। শ্রমিকনেতাদের দুই পক্ষই গতকাল বুধবার দিনভর তোবার শ্রমিকদের নিয়ে টানাহেঁচড়া করেছেন। আর বেতন নিতে শ্রমিকদের বাধ্য করতে শ্রমিকনেতাদের পাশাপাশি পুলিশকে দিয়েও নানা তৎপরতা চালিয়েছে বিজিএমইএ।
তোবা গ্রুপের তিন পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সারা দিনই রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটে অবরুদ্ধ ছিলেন। ওই মার্কেটের চার ফটকের তিনটিই সারা দিন তালাবদ্ধ ছিল। প্রতিটি ফটকেই অবস্থান নেয় পুলিশ। শ্রমিকেরা চাইলে পুলিশ তাঁদের বের হতে দিয়েছে। কিন্তু বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হয়নি।
তোবার শ্রমিকদের গতকালই বেতন দেওয়ার কথা ছিল পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর। বেশির ভাগ শ্রমিকেরই এতে সাড়া ছিল না। বিজিএমইএ বলেছে, গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত বেতন নিয়েছেন তোবার ৫৭৮ জন শ্রমিক-কর্মচারী। তোবা গ্রুপের পাঁচ কারখানায় শ্রমিক-কর্মচারী আছেন মোট এক হাজার ৪৫৮ জন। আজও বেতন দেবে বিজিএমইএ।
বকেয়া বেতন নিতে শ্রমিকদের বিজিএমইএতে নিয়ে যেতে সারা দিন তৎপরতাও কম ছিল না। বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা নানাভাবে চেষ্টাও করেছেন। আর এ নিয়ে পুলিশের সামনেই দুই পক্ষের মধ্যে বেশ কয়েক দফায় ছোটখাটো সংঘর্ষও হয়েছে। পুলিশ এ সময় নীরব দর্শকের ভূমিকায় ছিল। পরে কয়েকজনকে লাঠিপেটা করে পুলিশ।
অনশনরত শ্রমিকেরা এখনো সম্পূর্ণ বেতন-বোনাসের দাবিতে অটল। তাঁরা নতুন করে কর্মসূচিও ঘোষণা করেছেন। কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবারের মধ্যে দাবি মানা না হলে আগামী শনিবার দেশের সব গার্মেন্টস শিল্পাঞ্চলে ধর্মঘট পালন করবেন তাঁরা।
বকেয়া বেতন-বোনাস ও ওভারটাইমের দাবিতে শুরু হওয়া তোবা গ্রুপের শ্রমিকদের অনশনের গতকাল ছিল দশম দিন। শ্রমিকেরা জানিয়েছেন, ভেতরে অসুস্থ শ্রমিকের সংখ্যা প্রায় ২৫০। হোসেন মার্কেটের সপ্তম তলার কারখানায় এই অনশন চলছে।
দিনভর অবরুদ্ধ শ্রমিকেরা: হোসেন মার্কেটের চারটি ফটকে গতকাল বুধবার ভোরেই কে বা কারা যেন তালা লাগিয়ে দেয়। দুপুর পৌনে ১২টার দিকে তালার মিস্ত্রি এনে ভবনের প্রধান ফটকের তালা ভাঙে পুলিশ। কে তালা দিয়েছে, এ ব্যাপারে পরস্পরবিরোধী অভিযোগ পাওয়া গেছে। শ্রমিকেরা বলেছেন, পুলিশ তালা দিয়েছে। পুলিশ বলেছে, কারা তালা দিয়েছে, তারা তা জানে না। আর বিজিএমইএ বলেছে, অনশনরত শ্রমিকেরাই তালা লাগিয়েছেন।
অনশনরত একজন শ্রমিক মো. মিরাজের দাবি, ‘আমি নিজে দেখেছি, ভোর ছয়টার দিকে পুলিশ এসে সব কয়টি গেটে তালা লাগিয়ে দিয়েছে।’ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) নুরুল আলম।
তালা ভাঙার পরই শ্রমিকদের অনশনে বহিরাগত লোকজন আছে দাবি করে তাদের বের করে দিতে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল ভবনের ভেতরে প্রবেশ করে। একটু পর পুলিশ বেশ কয়েকজন শ্রমিকনেতা ও অনশনরত শ্রমিকদের চিকিৎসা সেবাদানকারীকে কারখানা থেকে বের করে দেয়।
বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশনের সাংবাদিকেরা এ সময় ভবনের ভেতরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডাও হয়।
ভেতরে কতজন শ্রমিক আছেন—এ বিষয়েও ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। মুঠোফোনে কোনো শ্রমিক বলেছেন, ভেতরে এক হাজার ৬০০ শ্রমিক আছেন। আবার আরেক শ্রমিক বলেছেন, হাজার খানেক শ্রমিক আছেন। আর বিকেল চারটার দিকে একজন শ্রমিক ভবন থেকে বের হয়ে বলেছেন, ভেতরে ৭০০-৮০০ শ্রমিক আছেন।
সারা দিন খুব একটা শ্রমিক ভবন থেকে বের না হলেও বেলা আড়াইটা থেকে শ্রমিকেরা বিচ্ছিন্নভাবে একজন-দুজন করে বের হতে থাকেন। আর তিনটার পর থেকে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত প্রায় ৪০ জন বের হয়েছেন।
বিজিএমইএতে নিয়ে যেতে তৎপরতা: বকেয়া বেতন নেওয়ার জন্য তোবার শ্রমিকদের বিজিএমইএতে নিতে দিনভরই নানা তৎপরতা ছিল।
হোসেন মার্কেটের উল্টো পাশের রাস্তায় সকালেই পুলিশের একটি ভ্যান ছিল। ওই ভ্যানে সকাল থেকেই মাইকে থেমে থেমে বলা হচ্ছিল, মজুরি আনতে আগ্রহী পোশাকশ্রমিকদের জন্য গাড়ির ব্যবস্থা আছে। তাঁরা চাইলে আসতে পারেন।
বিজিএমইএ বলছে, শ্রমিকদের বিজিএমইএতে আনার জন্য সকাল থেকেই হোসেন মার্কেটের আশপাশে ছয়টি বাসের ব্যবস্থা করে রেখেছিল তারা। তবে হোসেন মার্কেটের সামনে তিনটি বাস দেখা যায়।
বিজিএমইএতে শ্রমিকেরা যেন যান, সে জন্য তৎপরতা চালিয়েছে বেশ কয়েকটি শ্রমিক সংগঠন, যারা বিজিএমইএপন্থী হিসেবে পরিচিত। তারাই গত রোববার বিজিএমইএ কার্যালয়ে ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকে অংশ নেয়। এদের মধ্যে আছে জাতীয় শ্রমিক জোট, জাতীয় শ্রমিক-কর্মচারী জোট, বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশন, স্ট্রিট উইমেন চিলড্রেন প্রোটেকশন ফোরাম।
লাঠিপেটা, হাতাহাতি: অনশনরত শ্রমিকদের প্রতি সমর্থন জানিয়ে দুপুর পৌনে ১১টায় হোসেন মার্কেটের সামনে গণতান্ত্রিক বাম মোর্চার নেতা-কর্মীরা সংহতি সমাবেশ শুরু করেন। এ সময় পুলিশ তাঁদের মাইক ও ব্যানার কেড়ে নেয়। একপর্যায়ে লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে কয়েকজন আহত হন।
দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজকে ভবনের ভেতর থেকে বের করে দেয় পুলিশ। তার পর থেকে ভবনের সামনেই অবস্থান নেন তিনি। সোয়া দুইটার দিকে তাঁকে টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। এ সময় ফ্রিল্যান্স আলোকচিত্রী মাহমুদ হাসানকেও পুলিশের গাড়িতে তোলা হয়। অবশ্য কিছুদূর নিয়ে গিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
বেলা একটার দিকে হোসেন মার্কেটের নিচে আসেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি। দেড়টার দিকে পুলিশ তাঁকে ধাক্কাতে ধাক্কাতে সেখান থেকে সরিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। এর পরই তাঁর ওপর চড়াও হয়ে পুলিশ লাঠিপেটা করে।
আড়াইটার দিকে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের সঙ্গে সংহতি জানাতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক সামিনা লুৎফা এবং নৃবিজ্ঞানী সায়দিয়া গুলরুখকে।
ধর্মঘট পালনের ঘোষণা: বিকেলে পাঁচটায় তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির প্রেস কনফারেন্স করার কথা ছিল। কিন্তু পুলিশ তাদের নিচে নামতে দেয়নি, আবার সাংবাদিকদেরও ওপরে উঠতে দেয়নি। সে কারণে ভবনের নিচে থাকা সাংবাদিকদের উদ্দেশে সাততলা থেকেই মাইকে বক্তব্য দিতে শুরু করেন মোশরেফা মিশু। কিন্তু এ সময় পুলিশ তাদের গাড়ি থেকে উচ্চ স্বরে সাইরেন বাজানো শুরু করে। ফলে মিশুর বক্তব্য সাংবাদিকেরা শুনতে পাচ্ছিলেন না। সে কারণে কী কী কর্মসূচি পালিত হবে, তা লিখে সাংবাদিকদের উদ্দেশে ওপর থেকে ছুড়ে দেওয়া হয়।
ওই লিখিত কর্মসূচিতে শনিবার ধর্মঘট পালন ছাড়াও আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে চলমান আমরণ অনশন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
আজও বেতন দেবে বিজিএমইএ: গতকাল খুব বেশি শ্রমিক বেতন নিতে না যাওয়ায় আজও বেতন দেওয়ার ঘোষণা দিয়েছে বিজিএমইএ। সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুই মাসের বকেয়া মজুরি পাবেন শ্রমিকেরা।
মজুরি দেওয়ার জন্য গতকাল সকালে বিজিএমইএ কার্যালয়ের নিচতলায় পাঁচটি বুথ করে প্রস্তুত থাকে বিজিএমইএ। তবে প্রথম দেড় ঘণ্টায় তোবার কোনো শ্রমিক-কর্মচারী বেতন নিতে আসেননি। সাড়ে ১০টায় আসেন তোবা টেক্সটাইলের নিরাপত্তাকর্মী মো. বেলাল ও রেহানা। বেলা ১১টা পাঁচ মিনিটে তাঁদের মজুরি দেওয়া শুরু হয়। বিজিএমইএর নেতাদের তত্ত্বাবধানে তোবার ১০ জন কর্মকর্তা স্বাক্ষর নিয়ে শ্রমিক-কর্মচারীদের মজুরি দেন। পরের এক ঘণ্টায় মজুরি নিতে আসেন মাত্র ২৮ জন।
সকালে শ্রমিকদের উপস্থিতি কম হওয়ায় উদ্বিগ্ন ছিলেন বিজিএমইএর নেতারা। শ্রমিকেরা যেন মজুরি নিতে আসেন, সে জন্য নৌপরিবহনমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ডিএমপির কমিশনারকে ব্যবস্থা নিতে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম মুঠোফোনে অনুরোধ জানান। বিজিএমইএর অন্য নেতাদের কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করতে দেখা যায়।
তোবা গ্রুপের তথ্য অনুযায়ী, তাদের পাঁচ কারখানায় কর্মরত শ্রমিকদের মে-জুন মাসের মজুরি বাবদ পাওনার পরিমাণ দুই কোটি ২১ লাখ টাকা।
বেলা পৌনে দুইটা পর্যন্ত মজুরি নেন ৫৪ জন শ্রমিক-কর্মচারী। তখন পর্যন্ত কর্মচারীর সংখ্যাই বেশি ছিল। তাঁরা অনশনে ছিলেন না। বেলা সাড়ে তিনটায় বেতন নেওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়ায় ১২৫ জনে। এর পরই বিজিএমইএতে শ্রমিক-কর্মচারী বেশি আসতে থাকেন। সন্ধ্যা পৌনে ছয়টায় বেতন নেওয়া শ্রমিকের সংখ্যা দাঁড়ায় ৩২৩ জনে। শেষ পর্যন্ত ৫৭৮ জন মজুরি নিয়েছেন বলে জানান বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম।
জানতে চাইলে তোবা গ্রুপের কর্মকর্তা জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, আগামী সপ্তাহে শ্রমিকদের জুলাই মাসের বেতন দিয়ে দেওয়া হবে।