আইন অনুযায়ী পোশাকশ্রমিকদের সব পাওনা পরিশোধ করতে তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনকে নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে শ্রমিকেরা কে কত পাবেন, সেই হিসাব চার দিনের মধ্যে শ্রম মন্ত্রণালয়কে দিতে বলা হয়েছে।
তোবা-সংকট সমাধানে গতকাল মঙ্গলবার বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মালিক-শ্রমিক ও সরকার ত্রিপক্ষীয় এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। বিকেল পাঁচটায় শুরু হয়ে সাড়ে তিন ঘণ্টার এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রমসচিব মিকাইল শিপার, দেলোয়ার হোসেন, বিজিএমইএ ও কয়েকটি শ্রমিক সংগঠনের নেতারা।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে শ্রম প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, দেলোয়ার কোনোভাবেই শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করতে পারেন না। কারণ, যেদিন থেকে শ্রমিকেরা কাজ বন্ধ করেন, তারপর মালিকপক্ষের লোকজনই তাঁদের সঙ্গে বসে পাওনা পরিশোধের জন্য সময় নিয়েছিলেন। তার মানে ধর্মঘটকে সমর্থন করেই তাঁরা (মালিকপক্ষ) ওই সিদ্ধান্ত নেন। আবার সময়মতো পাওনা পরিশোধেও ব্যর্থ হন।
বৈঠকে দেলোয়ার হোসেন বারবার বলেন, তাঁর পাওনা পরিশোধের সক্ষমতা নাই। তবে ‘টাকা নাই, সেটি আমার দেখার বিষয় নয়’ বলে তাঁকে জানিয়ে দেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, দেলোয়ারের উদ্দেশ্য যদি হয় কারখানা চালাবেন না, তবে শ্রমিকদের সব পাওনা পরিশোধ করতে হবে।
পাওনা আদায়ে শ্রমিকেরা অবৈধ ধর্মঘট করেছেন, এমন অজুহাতে ১৮ আগস্ট শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী তোবার পাঁচ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন দেলোয়ার।
তোবার মালিকের কারখানা বন্ধের ওই নোটিশ বিধিসম্মত হয়নি জানিয়ে ইতিমধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান শ্রম প্রতিমন্ত্রী।