
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাব স্কাউটদের ভবিষ্যতে দেশ পরিচালনার কর্ণধার হিসেবে আখ্যায়িত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরাই তো একদিন মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, সচিব হবে, বিজ্ঞানী হবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা তো বুড়ো হয়ে গেছি, আমি তো এখন বুড়ো দাদু। দেশের ভবিষ্যৎ হচ্ছ তোমরা, কাব স্কাউটরা, তোমাদের হাতেই তো দেশকে রেখে যাব।’
গতকাল শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অষ্টম জাতীয় কাব ক্যাম্পুরি আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় গাজীপুরের মৌচাকে ক্যাম্পুরি অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি উপস্থিত ছিলেন। খবর বাসসের।
মৌচাকে জাতীয় স্কাউটিং প্রশিক্ষণকেন্দ্রে গত শুক্রবার শুরু হয়েছে ছয় দিনব্যাপী ন্যাশনাল কাব ক্যাম্পুরি। এতে দেশের সব উপজেলা থেকে আট হাজার কাব ও কর্মকর্তা যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে ১০ অঞ্চল থেকে নির্বাচিত ৭১ কাব স্কাউটকে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান করেন।
দেশে স্কাউট আন্দোলন আরও সম্প্রসারণ ও জোরদার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বিভাগে স্কাউট প্রশিক্ষণকেন্দ্র নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, প্রশিক্ষণ ও অন্যান্য কর্মকাণ্ড পরিচালনায় প্রত্যেক বিভাগে ক্যাম্প বা কেন্দ্র তৈরির জন্য নির্দিষ্ট স্থান থাকা প্রয়োজন।
বাংলাদেশ স্কাউটের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ মৌচাক ক্যাম্পুরি মাঠ থেকে বক্তৃতা করেন। চিফ ন্যাশনাল স্কাউট কমিশনার ও ক্যাম্পুরি চিফ মোজাম্মেল হক খান গণভবনে অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন। কিছু চাইল্ড স্কাউট মৌচাক ক্যাম্পুরি মাঠ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন।
শেখ হাসিনা স্কাউট আন্দোলনকে জোরদার করতে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র গঠনে দেশের সব বিদ্যালয়ে স্কাউটস আন্দোলন শুরুর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকে মানুষের জন্য ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে উঠলে দেশ এগিয়ে যাবে। এতে ছেলেমেয়েদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠবে, যা তাদের চরিত্র গঠনেও বিরাট অবদান রাখবে। এ জন্য প্রতিটি স্কুলেই কাব স্কাউট আন্দোলন শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
কাব স্কাউটদের দেশ পরিচালনার উপযোগী হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘তোমরা নেতৃত্বের গুণাবলি অর্জন করবে, দেশ ও দেশের মানুষকে ভালোবাসবে, দেশ-জাতির জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে এবং তবেই দেশ উন্নত ও সমৃদ্ধ হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কাউট আন্দোলনের শতবর্ষ উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করেন। এ সময় তিনি মৌচাকের ক্যাম্পুরিতে ছাত্রছাত্রীদের মধ্যে অনেকের সঙ্গে ভিডিও কনফারেন্সে সরাসরি শুভেচ্ছা ও কুশলবিনিময় করেন।