তোরণে ছেয়ে গেছে মহাসড়কের ২৭ কিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের ২৭ কিলোমিটার এলাকা ছেয়ে গেছে তোরণে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে স্বাগত জানাতে ফেনী জেলা আওয়ামী লীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে এসব তোরণ নির্মাণ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত কিছু এলাকায় তোরণ নির্মাণের কাজ চলছিল।
দলীয় সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার ঢাকা থেকে সড়কপথে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনী সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করবেন। মন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা আজ সকালে মহাসড়কের বিভিন্ন অংশে অবস্থান নেবেন।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বিভিন্ন এলাকার কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলা অংশে শত শত তোরণ নির্মাণ করেছেন।